সলমনের ‘সুখ’ 

প্রাণীদের প্রতি ভালবাসার জন্য সলমন খানের জুড়ি মেলা ভার। শুধু নিজের মুম্বইয়ের বাসভবন নয়, বরং পনভেলের ফার্মহাউসেও তিনি তাঁর পোষ্যদের জন্য গড়ে তুলেছেন এক সুন্দর ও স্বাধীন পরিবেশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের একবার সলমনের পশুপ্রেমের এক অনন্য ছবি ফুটে উঠল। তাঁর নতুন পোষ্য ‘সুখ’-এর সঙ্গে একটি আবেগঘন ছবি পোস্ট করেছেন ভাইজান, যা মুহূর্তের মধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছে।সলমন খানের জীবনে পোষ্যদের জায়গা বরাবরই বিশেষ। তাঁর কাছে রয়েছে বিভিন্ন প্রজাতির কুকুর।

সম্প্রতি সলমন খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে একটি তুলতুলে চাও চাও প্রজাতির কুকুরের সঙ্গে পরম আদরে ও ভালবাসায় জড়িয়ে ধরে থাকতে দেখা যায়।  সলমন অত্যন্ত স্নেহ করে তাঁর এই নতুন পোষ্যটির নাম রেখেছেন ‘সুখ’ বা ‘মাই সুখ’। এর অর্থ: পরিষ্কার,অভিনেতার জীবনের মানসিক প্রশান্তি এবং শান্তির উৎস হয়ে উঠেছে এই মিষ্টি কুকুরটি, যা নামটিতেই স্পষ্ট।

 

‘তুম্বড় ২’-এ আলিয়া! 

‘তুম্বড় ২’ নিয়ে নতুন গুঞ্জন ,শোনা যাচ্ছে, এই আসন্ন ফোক হরর সিকুয়েলে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে।এই ছবিতে একটি সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ চরিত্রে নাকি অভিনয় করবেন এই অভিনেত্রী। সিক্যুয়েলটিতে অভিনয় করছেন সোহম শাহ এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরিচালনায় রয়েছেন আদেশ প্রসাদ। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, আলিয়ার স্ক্রিনটাইম সীমিত হলেও, তাঁর চরিত্রটি গল্পের গতিপথ পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নির্মাতারা এমন একজনকে খুঁজছিলেন যিনি অল্প সময়ের উপস্থিতিতেও গভীরতা ও রহস্যময়তা ফুটিয়ে তুলতে পারবেন। আর এই ক্ষেত্রে আলিয়া ভাটকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।
‘তুম্বড় ২’ ছবিটিতে প্রথম অংশের অভিশপ্ত দেবতা ‘হস্তারের’ অন্ধকারাচ্ছন্ন পৌরাণিক কাহিনি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, গল্পটিতে এমন সব শক্তিকে জাগিয়ে তোলার পরিণতি নিয়ে আলোচনা করা হবে, যা কখনোই মানুষের উপাসনার জন্য তৈরি হয়নি।মুম্বাইয়ের মাড আইল্যান্ডের একটি বিশাল ও জমকালো সেটে আলিয়ার অংশের শুটিং হবে বলেই খবর। 

 

 

শত্রুঘ্নর আফসোস 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিসংবাদিত নাম সত্যজিৎ রায়। তাঁর সৃষ্টিকর্ম কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সম্প্রতি পেরোল সেই কিংবদন্তি চলচ্চিত্রকারের ১০৫ তম জন্মবার্ষিকী। অস্কারজয়ী এই পরিচালককে  স্মরণ করলেন বলিউডের প্রবীণ অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর পরিচালনায় কাজ করতে না পারার গভীর আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।একটি বিশেষ বার্তা পোস্ট করেন শত্রুঘ্ন। সেখানে তিনি সত্যজিৎ রায়কে 'সর্বকালের সেরা চলচ্চিত্রকার' হিসেবে আখ্যায়িত করেছেন। সঙ্গে লেখেন, "আমার সবসময়ই গভীর আক্ষেপ থাকবে যে আমি ‘সেরা’ চলচ্চিত্রকারের সাথে কাজ করতে পারিনি।