ববির ‘অল ইজ ওয়েল’
বলিউডের ‘লর্ড’ ববি দেওল এবং অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে তাঁদের আগামী হাই-ভোল্টেজ অ্যাকশন প্যাকড ছবি ‘আলফা’-র মুক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। যশ রাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সের ছবিটিতে ববি ও আলিয়ার ধুন্ধুমার টক্কর দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। কিন্তু ছবিটির শুটিং চলাকালীনই নেটপাড়ায় জোর গুঞ্জন রটেছিল যে, সেটে নাকি আলিয়া আর ববির মধ্যে চরম অশান্তি ও ঝামেলা হয়েছে! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ববি নাকি রেগে সেট ছেড়ে চলে যান।এই সমস্ত রটনা নিয়ে অবশেষে মুখ খুললেন ববি দেওল। সমস্ত জল্পনা ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে অভিনেতা সাফ জানিয়ে দিলেন, এই খবরের মধ্যে এক ফোঁটাও সত্যতা নেই। উলটে আলিয়া ভাটকে ওঁর অন্যতম প্রিয় অভিনেত্রী বলে উল্লেখ করেন তিনি। ববির কথায়, মানুষের হাতে এত ফালতু সময় যে যা খুশি বানিয়ে লিখে দেয়)। আমার এক বন্ধু যখন এই গুজবের একটা স্ক্রিনশট আমাকে পাঠাল, আমি নিজেই তাজ্জব হয়ে গিয়েছিলাম! আমি জাস্ট কিছুদিন আগেই রণবীর কাপুরের সাথে ‘অ্যানিমাল’ করলাম, আর তারপরেই জানতে পারলাম যে আমাকে আলিয়ার সাথে একটা ছবির অফার দেওয়া হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম, ‘আমার সাথে এগুলো কী চমৎকার ঘটছে!’ রণবীর আর আলিয়া— দু’জনেই আমার ভীষণ প্রিয় অভিনেতা, আর আমি ব্যাক-টু-ব্যাক ওদের দু’জনের সঙ্গেই কাজ করার সুযোগ পাচ্ছি।”
ফের জুটিতে শেখর-রহমান
চলচ্চিত্র দুনিয়ার দুই কিংবদন্তি— পরিচালক শেখর কাপুর এবং অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। অতীতে যখনই এই দুই প্রতিভাবান ব্যক্তিত্ব একসঙ্গে কাজ করেছেন, সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। এবার আবারও এক মহাকাব্যিক প্রজেক্টের জন্য হাত মেলালেন তাঁরা। ১৯৮৩ সালের কালজয়ী ছবি ‘মাসুম’-এর আধুনিক রূপান্তর হতে চলেছে ‘মাসুম: দ্য নিউ জেনারেশন’। আর এই ছবির হাত ধরেই এক যুগান্তকারী ঘোষণা করলেন নির্মাতারা। ছবিতে স্রেফ সুর দেওয়াই নয়, শেখর কাপুরের সঙ্গে এই ছবির সহ-প্রযোজক হিসেবেও থাকছেন স্বয়ং এ আর রহমান!
অতীতে ‘এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ’, ‘বম্বে ড্রিমস’ এবং ‘হোয়াই? দ্য মিউজিক্যাল’-এর মতো আন্তর্জাতিক স্তরের প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন শেখর ও রহমান। নতুন এই ছবিতে রহমানের দ্বৈত ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত গোটা টিম। নির্মাতাদের মতে, এই নতুন ছবিটি আধুনিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিবার, পরিচয় সংকট, ভালবাসা এবং পরিযায়ী জীবনের গল্প বলবে। তবে ১৯৮৩ সালের মূল ‘মাসুম’ ছবির যে আসল আবেগের ভিত, তা এই ছবিতেও অক্ষুণ্ণ থাকবে।
রোহিত শেট্টি কেন হতে চান কিরণ রাও?
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘লাপতা লেডিস’ ছবির মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর পরিচালকের আসনে ফিরেছিলেন কিরণ রাও। ছবিটির সহজ-সরল গল্প, দুর্দান্ত অভিনয় এবং সামাজিক বার্তা বিশ্বজুড়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এমনকি অস্কারের মঞ্চেও ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে জায়গা করে নিয়েছিল এই সিনেমা। তবে এত বড় সাফল্যের পর কিরণ রাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর সিনেমা তৈরি থেকে এমন লম্বা বিরতি নিতে চান না।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে কিরণ রাও নিজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে বলিউডের ‘অ্যাকশন কিং’ তথা ব্লকবাস্টার পরিচালক রোহিত শেট্টি-র কাজের গতির চরম প্রশংসা করলেন। ওঁর গলায় ঝরে পড়ল এক অদ্ভুত ও মজার আফসোস! তাঁর কথায়, "আমি শুধু একটানা সিনেমা পরিচালনা করে যেতে চাই। প্রতিটা পরিচালকই আসলে একটা ছবির কাজ শেষ করে অন্য ছবিতে চলে যেতে চায়। আমার মাঝে মাঝে মনে হয়— ইশ, আমি যদি রোহিত শেট্টি হতে পারতাম! আক্ষরিক অর্থেই, ও যখন একটা ছবির এডিটিং টেবিল বা পোস্ট-প্রোডাকশনে থাকে, তখনই ও ওঁর পরের ছবির শুটিং শুরু করে দেয় এবং একইসঙ্গে ওঁর তৃতীয় ছবিটার প্রোমোশন করতে থাকে! ছবির ফলাফল কী হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে কাজ করে যাওয়ার মতো আত্মবিশ্বাস যদি আমার থাকত, তবে আমি হয়তো আরও অনেক বেশি সিনেমা বানাতে পারতাম।”















