এতদিনে দর্শক বুঝে গিয়েছেন তেজের ছদ্মবেশে বসু মল্লিক বাড়িতে লুকিয়ে রয়েছে সার্থক চ্যাটার্জি। তাই এখন টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'তে। সদ্য প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, চুমকিদের গ্রামে খবর ছড়িয়েছে যে বিজ্জুকে নাকি মেরে ফেলেছে প্রধান। এমনকী চুমকিকেও এবার মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। তাই গ্রামের লোকেরা তাকে পালিয়ে যেতে অনুরোধ করে। 

এদিকে সুধার বোন ও দেওর মর্গে আসা সার্থকের মৃতদেহর খোঁজ করতে। কিন্তু সেখানকার সুপারভাইজার জানায় যে সার্থক চ্যাটার্জিকে সে কখনও দেখেনি। মর্গে কখনও আসেনি তার দেহ। তাহলে সার্থক বেঁচে আছে! তেজের ছদ্মবেশে যে সার্থকই লুকিয়ে রয়েছে তাদের বাড়িতে সেটা বুঝতে পারে তারা। এদিকে, সুধা সবটা জেনেও মুখ বুজে থাকে। মনে মনে প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক তেজকে ফিরিয়ে আনবেই। 

এদিকে, ক'দিন আগেই শোনা গিয়েছিল 'শুভ বিবাহ' নাকি শেষের পথে। তাহলে কি তেজের মৃত্যু দিয়েই গল্প শেষ হতে চলেছে? চিন্তায় দর্শক মহল। টলিপাড়ার অন্দরের খবর, 'শুভ বিবাহ'র শেষদিনের শুটিং নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ২৪ ফেব্রুয়ারি শেষদিনের সম্প্রচার হবে এই ধারাবাহিকের। 

খবর সামনে আসতেই দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। 'শুভ বিবাহ'র শেষ পর্বে কী দেখানো হবে? তা নিয়ে আলোচনা চলছে অনুরাগীদের মধ্যে।‌


গল্পের মোড়ে দেখানো হয়েছিল বিরাট দুর্যোগের পরে আলাদা হয়ে যায় তেজ ও তরি। সুধা হারিয়ে ফেলে স্বামী ও মেয়েকে। এরকমই মোড় এসেছিল স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'তে। দর্শক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। এদিকে, ছোট্ট তরি আশ্রয় নিয়েছিল এক গ্রামে। অন্যদিকে তেজ তার স্মৃতি হারিয়ে একেবারে ভোল বদলে ফেলেছিল। কিন্তু গল্পের মোড়ে আসে আরও চমক।


তেজ তখন বিজ্জু নামে সুধার কাছাকাছিই রয়েছে। অনেক ঘটনাচক্রে তেজকে চিনে ফেলে সুধা। এদিকে মেয়ে তরিকেও খুঁজে পায় সে। বাড়ির সবাইকে যখন সুধা খুশি হয়ে জানায় যে সে তেজকে খুঁজে পেয়েছে। তখন সবাই অবাক হয়ে যায়। কারণ তাদের কাছে তেজ এখন মৃত। সুধা জানায় বিচ্চুই তাদের তেজ। ঠিক সেই সময় তরিকে কোলে নিয়ে তেজের মতোই দেখতে একজন আসে বসু মল্লিক বাড়িতে। তরি তাকে বাবা বলে ডাকে। কিন্তু আঁতকে ওঠে সুধা। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তেজের মতো হুবহু দেখতে আরও একজন মানুষ আছে। শুধু তাই নয়, সে আবার নিজেকে তেজ বলেই পরিচয় দিচ্ছে। এদিকে হাজির হয় বিচ্ছুও। দু'জন একেবারে একইরকম। কে আসল তেজ? বুঝতে পারে না সুধা। মাথার মধ্যে সবটা কেমন যেন গুলিয়ে যেতে থাকে তার। কিন্তু এখন সে বুঝে গিয়েছে যে সার্থকই তেজ সেজে এসে রয়েছে। কবে তার মুখোশ খুলবে সুধা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।