বলিউডের বহুচর্চিত ছবি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের পাশাপাশি এই ট্রেলারে সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলি অভিনেত্রী লারা দত্ত। ছবিতে তাঁকে রানি কৈকেয়ী-এর ভূমিকায় দেখা যাবে। তবে তাঁর লুক ও পোশাক নিয়ে নেটপাড়ায় তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

ট্রেলারে লারার সাজপোশাক এবং বিশেষ করে তাঁর শাড়ি পরা লুক নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু নেটিজেনদের দাবি, প্যান-ইন্ডিয়া লেভেলের এই বিশাল বাজেটের ছবিতে রানি কৈকেয়ীর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের কস্টিউম ডিজাইন আরও একটু জাঁকজমকপূর্ণ হওয়া উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকে তো বলেই ফেলেছেন যে, লারার এই লুক নাকি একতা কাপুরের মেগা সিরিয়ালের চরিত্রের মতো লাগছে।

অনেক নেটিজেনদের মতে ত্রেতাযুগের এই কাহিনির সঙ্গে এমন ওপেন বর্ডার শাড়ি, ডিজাইনার ব্লাউজ আর এমন আধুনিক শাড়ি পরার ধরন বড্ড বেমানান। 

বিশেষ করে ট্রেলারের সেই দৃশ্যটিতে—যেখানে তাঁকে রাগের চোটে গলার হার ছিঁড়ে ফেলতে দেখা যায় এবং রামের ১৪ বছরের বনবাস নিয়ে কথা বলতে দেখা যায়—সেখানে তাঁর লুক নিয়ে নানা কথা উঠছে। যদিও অভিনেত্রীর অভিনয় দক্ষতা নিয়ে কারওর কোনও সন্দেহ নেই, তবু পোশাকের ডিজাইন আর স্টাইলিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা চর্চা।

ছবিটির ভিএফএক্স নিয়ে যখন সিনেমাপ্রেমীরা উচ্ছ্বসিত, ঠিক তখনই চরিত্রগুলোর লুক নিয়ে এই ধরনের সমালোচনা বেশ নজর কাড়ছে। আগামী দিনে ছবি মুক্তির আগে এই বিতর্ক কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।