আইপিএল-এর জনক তথা প্রাক্তন কমিশনার ললিত মোদি মানেই যেন এক একটা চলন্ত ‘টাইম বোম’! গতকালই কেকেআর ও শাহরুখ খানকে নিয়ে ভেতরের খবর ফাঁস করে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে আরও একগুচ্ছ বিস্ফোরক বোমা ফাটালেন এই ক্রিকেট প্রশাসক। ললিত মোদি খোলসা করেছেন যে, ওঁর জীবনের ওপর ভিত্তি করে একটি বড় মাপের বায়োপিক তৈরি হতে চলেছে। আর সবচেয়ে বড় চমক? ওঁর চরিত্রে অভিনয় করার জন্য বলিউড তারকা রণবীর সিং নিজেই নাকি দু’বছর আগে লন্ডনে ছুটে গিয়েছিলেন!
একইসঙ্গে এই প্রথমবার ক্যামেরার সামনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম -এর থেকে পাওয়া মধ্যরাতের এক হাড়হিম করা ফোন কল এবং হুমকির কথাও প্রকাশ্যে এনেছেন মোদি।
নিজের বায়োপিক নিয়ে কথা বলতে গিয়ে ললিত মোদি জানালেন যে, সে প্রজেক্টটির কাজ ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়েছে। তাঁর কথায়, “হ্যাঁ, আমার বায়োপিক তৈরি হচ্ছে। এই মুহূর্তে চিত্রনাট্যর কাজ চলছে। এর জন্য আমি ইতিমধ্যে শত শত সাক্ষাৎকার দিয়েছি। ‘সোনি’ চ্যানেলের প্রাক্তন প্রধান স্নেহা রজনী-র নেতৃত্বে আমার একটি আস্ত টিম এই ছবির পুরো চিত্রনাট্যের ওপর দিনরাত কাজ করছে। এটা কিন্তু বেশ খাটুনির কাজ।”
পর্দায় ওঁর চরিত্রে কাকে সবচেয়ে বেশি মানাবে? এই প্রশ্নের উত্তরে মোদি সরাসরি রণবীর সিংয়ের নাম নেন। তিনি জানান, রণবীরকে কিন্তু তিনি আগে থেকে মোটেই চিনতেন না।মানে, ব্যক্তিগতভাবে চিনতেন না কোনওভাবে। তবে দীপিকা পাড়ুকোনকে তিনি খুব ভাল করে চিনতেন। মোদির কথায়, “রণবীর নিজেই আমার চরিত্রে অভিনয় করতে চায়। দু’বছর আগে আচমকাই একদিন আমার কাছে ফোন আসে যে ও আমার সঙ্গে দেখা করতে চায়। এরপর ও সোজা লন্ডনে আমার এই বাড়িতেই চলে আসে। আমরা দু'জনে এখানেই বসে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম।”
ললিত মোদি আরও যোগ করেন, “ও বলেছিল, ওঁর জীবনে যদি এমন কোনও চরিত্র থাকে যা ও মন থেকে করতে চায়, তবে তা হল আইপিএল কমিশনার হিসেবে ললিত মোদির চরিত্র। আমি তো বলব, ও দুর্দান্ত অভিনেতা। বিশেষ করে ওঁর সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এ ও যা পারফর্ম করেছে, তা এককথায় অনবদ্য। তবে এখন ও অনেক বড় তারকা হয়ে গেছে, ওঁর হাতে সময় হবে কি না জানি না। তবে ও করলে আমার ভালই লাগবে।”
আন্ডারওয়ার্ল্ড এবং দাউদ ইব্রাহিমের সিন্ডিকেট নিয়েও বিস্ফোরক সব দাবি করেছেন মোদি। ললিত মোদির দাবি, ক্রিকেটের প্রশাসনিক জগত থেকে ওঁর চিরতরে সরে দাঁড়ানোর পেছনে এই গ্যাংস্টার থ্রেট বা হুমকি অন্যতম প্রধান কারণ ছিল। ২০১২ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, “এই গল্প আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। রাত সাড়ে তিনটের সময় লন্ডন-ভিত্তিক এক ফিক্সার আমাকে ফোন করে বলে, ‘আপনাকে এখনই এসে বাবা নামের এক মধ্যস্থতাকারীর পেন্টহাউসে দেখা করতে হবে।’ আমি ভাবলাম জরুরি কিছু, তাই চলে গেলাম। সেখানে যাওয়ার পর ও আমাকে বলল— ‘আপনি তো ইন্ডিয়া ছেড়ে দিয়েছেন, আমাদের একটা আইপিএল টিম লাগবে।’ আমি অবাক হয়ে বললাম, আমি তো নিজেই বোর্ডে নেই, টিম দিয়ে কী করবেন? আর ইন্ডিয়াতে আমার দাউদকে নিয়ে সমস্যা আছে। ও বলল— ‘আমি এক মিনিটে ওটা ফিক্স করে দিচ্ছি’।”
মোদি আরও অভিযোগ করেন, “এরপর ওই ব্যক্তি পেন্টহাউসের ছাদে গিয়ে নিজের স্যাটেলাইট ফোন থেকে সরাসরি দাউদ ইব্রাহিমকে ফোন লাগায়! ও বলে— ‘দাউদ ভাই, ললিত ভাই এসেছে, কথা বলুন।’ আমি কথা বলতে রাজি না হওয়ায় ও ফোনটি স্পিকারে দিয়ে দেয়। ওপার থেকে শুধু বলা হয়— ‘তুমি ওঁর বন্ধু, পুরোনো সব ভুলে যাও, সব মিটে গেছে।’ অর্থাৎ টিম পাইয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল।”
ললিত মোদি জানান, দাউদের এই নির্দেশ মানতে অস্বীকার করার পর বিশ্বজুড়ে ওঁর ওপর নানারকম সুসংগঠিত হামলা ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়, যার কারণে আন্তর্জাতিক স্তরের একাধিক তদন্তকারী সংস্থাকে ওঁর নিরাপত্তার জন্য আসরে নামতে হয়েছিল।















