সংবাদসংস্থা মুম্বই: পরিচালক নাগরাজ মঞ্জুলের আগামী ওয়েব ছবি 'মটকা কিং' ঘোষণার দিন থেকেই রয়েছে আলোচনায়। একসময় বোম্বের জুয়া ব্যবসায়ী রতন ক্ষেত্রীর জীবন ও কর্মকাণ্ড নিয়ে এই তৈরি এই ছবি। নামভূমিকায় রয়েছেন বিজয় বর্মা। বিজয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কৃতিকা কামরাকে।

এই প্রথম পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন বিজয় এবং কৃতিকা। অভিনেত্রীকে এর আগে দেখা গিয়েছে 'বোম্বাই মেরি জান' ওয়েব সিরিজে। কৃতিকা জানিয়েছেন, 'বোম্বাই মেরি জান'-এর মতো 'মটকা কিং'-এর গল্পের প্রেক্ষাপট মুম্বই শহর হলেও তাঁর অভিনীত দু'টি চরিত্রের মধ্যে মিল নেই কোনও। 'মটকা কিং'-কে কীভাবে সাহায্য করবে কৃতিকা, কী করে সে হয়ে উঠবে মুম্বইয়ের জুয়া ব্যাবসার এই 'কিং পিং'-এর অন্যতম ভরসা, এই ওয়েব ছবিতে তা দেখতে পাবেন দর্শক। 

গত ৬০-এর দশক থেকে ৯০-এর দশক পর্যন্ত তৎকালীন বোম্বেতে মটকা-জুয়াকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এই জুয়া ব্যবসায়ী রতন ক্ষেত্রী। এই জুয়া খেলায় সমাজের সব ধরনের মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। কীভাবে? তারপর কী হল রতন ক্ষেত্রীর? সব নিয়েই এগোবে 'মটকা কিং'-এর গল্প।