বহুদিন পর আবারও মঞ্চে দেখা যেতে চলেছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। একটি মিউজিক্যাল থিয়েটারে তিনি অন্নপূর্ণার ভূমিকায় অভিনয় করবেন। তারই মহড়ার ফাঁকে তিনি মহিলাদের পোশাক নিয়ে কথা বলেন।
এদিন কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, "সেক্স এডুকেশন জরুরি। এটা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আমাদের পড়াশোনার মধ্যে না শুরু হয় তাহলে ভাই টিভি চ্যানেলে, খবরের কাগজে বিকিনি পরা মেয়েগুলোকে, বা যেসব গানে জামাকাপড় ছাড়া মেয়েদের দেখা যায়, তাহলে তাঁদেরকে শাড়ি পরাও। বা বোরখা পরাও। সরি, এটা বললাম, এবার এটা ট্রোল হবে। ট্রোলিংয়ের ভয় আমি পাই না। ট্রোলিং হলে আমি ফেমাস হবো। কিন্তু কথাটা হল একটা ভারসাম্য থাকা দরকার, যা বাচ্চারা দেখছে আর যা বাচ্চার করছে সেই দু'টোর মধ্যে। বিকিনি দেখাবে আর বলবে মেয়েদের দিকে তাকিও না, সেটা তো হতে পারে না। তাহলে সব জিনিসটা সঠিক ভাবে একটা আলোচনার জায়গায় আসা দরকার।"
তিনি এদিন সেক্স এডুকেশন সম্পর্কে বলেন, "বাচ্চাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের শরীরে কী বদল আসছে, হরমোন কাকে বলে, কোথায় কী হয় সেটা জানার। সেরকম একই ভাবে, আত্মরক্ষা কীভাবে করতে হয় সেটাও জানা দরকার। আত্মরক্ষার জন্য কী কী করে যেতে পারে সেটাও শেখা, জানা দরকার। ৪টি ছেলের সঙ্গে একটি মেয়ে কোনওদিন লড়তে পারবে না। প্র্যাকটিক্যাল হতে হবে। তাহলে কী করণীয়, কী কী ভাব সরকার তার পাশে থাকতে পারে? সেই মুহূর্তে সেই মেয়েটির মাথায় কী সরকারের কথা আসবে? তাহলে বাঁচাবে কে? ঈশ্বর?"
সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তর একটি পোশাক নিয়ে তুমুল বিতর্ক, বিদ্রুপ হয়। সেই প্রসঙ্গে, কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাঁর সহকর্মীকে সমর্থন করেন। বলেন, কে কী পোশাক পরবে, সেটা নিয়ে কখন অন্য কেউ কিছু বলতে পারেন না।















