বিরাট মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য়। অনুভবের অ্যাক্সিডেন্টের পর এখন টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে মেগায়। এবার ধারাবাহিকের নতুন মোড়ে দেখা যাবে অনুভব ভুলে যাবে লাজুকে! দেখা যাবে অপারেশনের পরে জ্ঞান ফেরে অনুভবের। আর তারপর সে একে একে বাড়ির সবাইকে চিনতে পারে। এমনকী বনলতাকেও চিনতে পারে। কিন্তু লাজুকে দেখে চিনতে পারে না সে। 'আউট সাইডার' বলে তাড়িয়ে দেয় তাকে।
তবে কি অ্যাক্সিডেন্টের পর স্মৃতি হারিয়ে গেল অনুভবের? লাজুকে একেবারেই ভুলে গেল সে? নাকি এভাবেই নিজেকে লাজুর থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে অনুভব? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল হাসপাতালে শুয়ে ঘোরের মধ্যে শুধুমাত্র লাজুকেই খুঁজছিল অনুভব। সেটা জানতে পেরে চুপ থাকতে পারেনি ঠাম্মি। সে তড়িঘড়ি লাজুকে ফোন করে খবর দেয়। গ্রাম থেকে ডেকে পাঠায় তাকে। সুদেব ও তার মাকে মিথ্যে কথা বলে লাজু চলে আসে কলকাতায়। কিন্তু বনলতা লাজুকে দেখে তেলেবেগুনে জ্বলে ওঠে। সে হাসপাতালের মধ্যেই চেঁচামেচি শুরু করে। লাজুকে কিছুতেই যেতে দেয় না অনুভবের কাছে। যদিও ঠাম্মি রুখে দাঁড়ায়। লাজু অনুভবকে দেখতে গেলে অনুভবের স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু জ্ঞান ফেরার পর কীভাবে সবকিছু ভুলে গেল অনুভব? জানতে মরিয়া ধারাবাহিকের অনুরাগীরা।
প্রসঙ্গত, গল্পের নিত্যনতুন মোড়ে এই ধারাবাহিক দর্শকের মনে জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকাতেও দারুণ ফল করে এই মেগা। লাজু-অনুভবের জুটিকে যেন চোখে হারান দর্শক। অন্যদিকে, বনলতা ও সুদেবের জীবনের টানাপোড়েন দেখতেও বেশ পছন্দ করেন দর্শক।















