বিরাট মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য়। অনুভবের অ্যাক্সিডেন্টের পর এখন টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে মেগায়। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল অনুভব ভুলে গিয়েছে লাজুকে। অপারেশনের পরে জ্ঞান ফেরে অনুভবের। আর তারপর সে একে একে বাড়ির সবাইকে চিনতে পারে। এমনকী বনলতাকেও চিনতে পারে। কিন্তু লাজুকে দেখে চিনতে পারে না সে। 'আউট সাইডার' বলে তাড়িয়ে দেয় তাকে।
তবে কি অ্যাক্সিডেন্টের পর স্মৃতি হারিয়ে গেল অনুভবের? লাজুকে একেবারেই ভুলে গেল সে? নাকি এভাবেই নিজেকে লাজুর থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে অনুভব? এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল দর্শকের মনে, তখনই ধারাবাহিকে দেখানো হয় যে অনুভব সত্যিই গত কয়েক মাসের স্মৃতি হারিয়ে ফেলেছে। লাজুকে বারবার তাই অপমান করে দূরে সরিয়ে দিচ্ছে সে। এদিকে, লাজুর মন চাইলেও সে সামনে যেতে পারে না অনুভবের। মনের কষ্ট, মনেই চেপে রাখে সে।
এর মধ্যেই গল্পে আসছে নতুন চমক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, অনুভবের সঙ্গে বাড়িতে আসে লাজু। সে জানায়, রাস্তায় বিপদে পড়ায় অনুভব তাকে প্রাণে বাঁচায়। আর সেই কারণে অল্প চোট লাগে অনুভবের। লাজুকে দেখে ফের তেলেবেগুনে জ্বলে ওঠে বনলতা। রেগে গিয়ে লাজুকে বলে নির্লজ্জের মতো কেন আবার এই বাড়িতে এসেছে? এবার বনলতার উপর চড়াও হয় অনুভব। লাজুর প্রতি কোনও এক অজানা টান সে উপলব্ধি করে। এদিকে, লাজুও আর চুপ করে থাকে না। সে বনলতাকে বলে, সবাইকে নিজের মতো না ভেবে নিজের সংসার যেন বাঁচায়।
তবে কি একটু একটু করে অনুভবের স্মৃতি ফিরে আসছে? লাজুর প্রতি অজানা টানই কি ফের কাছাকাছি আনবে দু'জনকে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল। ইতিমধ্যেই এই নতুন প্রোমো সাড়া ফেলে দিয়েছে নেটপাড়ায়।















