এবারেও শিক্ষা হয়নি? ফের লাজুকে বিপদে ফেলতে উঠেপড়ে লেগেছে বনলতা! সম্প্রতি সামনে এসেছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, অনুভব ধুমধাম করে লাজুর জন্মদিন পালন করছে। একটা গাড়িকে বেলুন দিয়ে সাজিয়ে এনেছে সে। কেক কেটে লাজুকে 'হ্যাপি বার্থডে' উইশও করেছে অনুভব। এত সব আয়োজন দেখে চোখে জল চলে আসে লাজুর। সে বলে এত বছরে কোনওদিন তাকে কেউ জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। 

লাজুর মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে অনুভব। এদিকে, তাদের সুখের মুহূর্ত আড়াল থেকে দেখে বনলতা। লুকিয়ে দেখে অনুভব ও লাজু কিছু একটা সেলিব্রেট করছে। কিন্তু কী সেলিব্রেট করছে তারা, তা সে বুঝতে পারে না। মনে মনে ভাবে, তার চলে যাওয়াটাই বোধহয় উপভোগ করছে দু'জনে। বনলতা ফের লাজুকে জব্দ করার ছক কষে। এবার কী করবে সে? একের পর এক মিথ্যা দিয়ে সাজানো তার সংসার ভেঙে গিয়েছে। কিন্তু তবুও নিজে ভেঙে পড়েনি বনলতা। সে এখন চায়, অনুভবের মায়ের সঙ্গে হাত মেলাতে। কারণ, অনুভবের মা লাজুর সঙ্গে অনুভবের ঘনিষ্ঠতা কিছুতেই মানতে পারে না। তাই বনলতা ভাবে, অনুভবের মাকে যদি তার দলে টানা যায়, তাহলে তার পথের কাঁটা দূর হয়ে যাবে। 

কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, বিবাহবার্ষিকীর দিন নেশা করে অনুভবকে বনলতাকে লাজুকে ভালবাসার কথা স্বীকার করে। আর মনে আঘাত পেয়ে ভয়ঙ্কর ছক কষে বনলতা। সে অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা নাটক করে। ভাবে, এইভাবে কয়েকটা মাস কেটে গেলে লাজুও অনুভবের থেকে দূরে সরে যাবে‌‌। আর অনুভবও সন্তান আসছে ভেবে বনলতাকে কাছে টেনে নেবে। কিন্তু বনলতার এই প্ল্যানটাও বানচাল হয়।‌ তাই এখন লাজু ও অনুভবের জীবনটা একেবারে নষ্ট করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে সে।‌ আগামীতে কী হবে এই ধারাবাহিকে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।