বাবা অভিষেক চ্যাটার্জির পথেই হাঁটছে মেয়ে সাইনা চ্যাটার্জি। অল্প বয়সেই অভিনয় জগতের সঙ্গে পরিচিতি সাইনার। বাবার আদর্শেই এগিয়ে চলছে সে। বৃহস্পতিবার প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির জন্মদিনে সমাজমাধ্যমে আবেগপ্রবণ হয়ে পড়ল সাইনা। ইনস্টাগ্রামে সে লেখে, 'পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা। আমার নায়ক, আমার আদর্শ, আমার প্রিয় বন্ধু, আমার বাবা। তোমাকে আমি ঠিক কতটা ভালবাসি, তা কোনও সংখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয়। তোমার শেখানো মূল্যবোধ আর তোমার জীবনের গল্পগুলোই আজ আমাকে এই মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমি যে আজ গর্ব করে বলতে পারি আমি নিজেকে ভালবাসি, তার একমাত্র কারণ তুমি আর মাম্মা। আমাকে আজকের এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।'

সাইনা আরও লেখে, 'ইতিবাচকতা আর মানবতার শক্তি কী, তা তুমিই আমাকে শিখিয়েছ। আমি যেখানেই যাই, তোমার উপস্থিতি সবসময় আমার সঙ্গে থাকে; আমি গর্বের সঙ্গে তোমার ছোঁয়া নিজের মাঝে বয়ে বেড়াই। যখন কেউ বলে যে আমার হাসি, আমার চোখ কিংবা আমার কৌতুকগুলো তোমার কথা মনে করিয়ে দেয়, তখন সেটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রশংসা মনে হয়। আমি চিরকাল আমার হাসি, আমার দৃষ্টি, আমার রসিকতা আর আমার আদর্শের মধ্যে দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখব। অভিষেক চ্যাটার্জির মেয়ে হতে পারাটাই আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ।'

সাইনার এই পোস্ট দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরাও‌। এই মুহূর্তে সাইনাকে দর্শক দেখছেন জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'তে। 'লাজবন্তী'র চরিত্রে দর্শক মহলে নজর কেড়েছে সে। সাইনার সারল্য দর্শকের মন কেড়ে নিয়েছে। এখন লাজুর জীবনে নতুন মোড় আসতে চলেছে। সুদেব ও বনলতার কারসাজিতে ডাক্তারি পড়া বন্ধ হতে বসেছে তার। যদিও অনুভব লাজুর পাশেই আছে। আগামীতে কোন দিকে এগোয় অনুভব ও লাজুর জীবন, এখন সেটাই দেখার।