দক্ষিণী তারকা যশ-এর আগামী ছবি ‘টক্সিক’ নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। ছবিতে যশের বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি-কে। আগামী ৪ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলা এই বিগ বাজেট ছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক ও মজাদার তথ্য ফাঁস করলেন কিয়ারা। অভিনেত্রী জানালেন, শুটিং সেটে ওঁর চেনা স্বভাব বদলে ফেলার জন্য পরিচালক গীতু মোহনদাস কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন ওঁর ওপর!
সেটের প্রথম দিনের অভিজ্ঞতার কথা মনে করে কিয়ারা বলেন, “আমি সাধারণত সেটে ঢুকেই সবাইকে ‘হাই, গুড মর্নিং, কেমন আছো’— এভাবে শুভেচ্ছা জানাতে অভ্যস্ত। কিন্তু গীতু আমাকে স্পষ্ট বলে দিয়েছিল— ‘আগামীকাল যখন তুমি সেটে আসবে, আমি চাই না তুমি কারওর সঙ্গে কোনও সৌজন্য বিনিময় করো। কোনো হাই-হ্যালো হবে না, এমনকি নিজের টিমের লোকেদের সাথেও না। আমি চাই তুমি সোজা এসে নিজের ক্যারেক্টার জোনে ঢুকে যাও এবং সারাদিন ওভাবেই থাকো’।”পরিচালকের এই কড়া নিয়মের কারণেই তিনি চরিত্রটির গভীরে ঢুকতে পেরেছিলেন বলে জানান কিয়ারা।
‘টক্সিক’ ছবিটি একইসঙ্গে কন্নড় এবং ইংরেজি— দুই ভাষায় শুট করা হয়েছে, যা কিয়ারার জন্য ছিল অত্যন্ত কঠিন এক পরীক্ষা। অভিনেত্রী বলেন, “কন্নড় ভাষায় কাজ করাটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ এই প্রথমবার আমরা একই দৃশ্য একবার ইংরেজিতে এবং একবার কানাড়ায় শুট করছিলাম। প্রথমে ইংরেজি টেকটি পারফেক্ট হওয়া পর্যন্ত শুট হতো। তারপর শুরু হতো কন্নড় টেক। যেহেতু কন্নড় আমার চেনা ভাষা নয়, তাই শুটিংয়ের আগের দিন রাতে আমাকে আক্ষরিক অর্থেই পুরো সংলাপ মুখস্থ করতে হতো।”
এই ছবিতে কিয়ারার চরিত্রের নাম ‘নাদিয়া’। অভিনেত্রী স্বীকার করেছেন যে, এই চরিত্রটি করার পর প্রেম এবং সম্পর্কের প্রতি ওঁর নিজের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। ওঁর মতে, এই ছবি সমাজে নারী-পুরুষের সম্পর্কের চেনা সমীকরণকে চ্যালেঞ্জ করবে। কিয়ারা বলেন, “টক্সিক-এর জগৎটাকে বুঝতে এবং সেটাকে স্বাভাবিক বলে মেনে নিতে আমার কিছুটা সময় লেগেছিল। অনেকে এই চরিত্র বা ছবিটিকে একটু ‘ঝুঁকিপূর্ণ’ মনে করতে পারেন, তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে দর্শকদের চেনা মানসিকতা এবং বোঝার ক্ষমতার ওপর।”
‘টক্সিক’ ছবিটি নিয়ে বিনোদন জগতে চর্চার আরও কয়েকটি বড় কারণ রয়েছে -
যশের ডবল রোল: এই ছবিতে তারকা যশকে দ্বৈত চরিত্রে (ডাবল রোল) দেখা যাবে।
তারকাখচিত কাস্টিং: যশ-কিয়ারা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত।
৭০০-৮০০ কোটির বাজেট: ছবিটি প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকার এক বিপুল বাজেটে তৈরি করা হয়েছে।
ছবিটি প্রথমে ২০২৫ সালের এপ্রিল এবং পরে ২০২৬ সালের ১৯শে মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ইরান-মার্কিন সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বাজার ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ছবির সঙ্গে সংঘাত এড়াতে নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দেন। সমস্ত বাধা কাটিয়ে অবশেষে আগামী ৪ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘টক্সিক’।















