হবু বরকে পছন্দ নয়। তাই বিয়ে না ভেঙে তাঁকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে বছর ২০ এর সিয়া গোয়েল। লোহগড় দুর্গ থেকে ২৫ বছর বয়সী ব্যবসায়ী কেতন আগরওয়ালকে ধাক্কা মেরে মেরে ফেলে দেন সিয়া এবং তাঁর প্রেমিক চেতন। এই ঘটনার পর হইচই পড়ে গিয়েছে দেশ জুড়ে। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের সঙ্গে ঘটা নানা অপ্রীতিকর ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক অতীতে এমন একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে নির্যাতনের শিকার পুরুষরা। কখনও শিলং নিয়ে গিয়ে স্বামীকে হত্যা করা হয়েছে, কখনও স্বামীকে মেরে ড্রামে ভরে রাখা হয়েছে, তো কখনও বিয়ের আগেই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো পর পর ঘটার পর এবার পুরুষদের স্বার্থ রক্ষার জন্য বড় পদক্ষেপ নেওয়া হতে চলেছে। 

এতদিন যাবৎ মহিলাদের জন্য মহিলা কমিশন ছিল। এবার পুরুষদের জন্য জাতীয় কমিশন গঠিত হতে চলেছে। আর সেই জন্য সংসদে বিল পেশ করা হল। রাজ্য সভার সাংসদ অশোক কুমার মিত্তল পুরুষদের জন্য জাতীয় কমিশন বিল আনার পুনরায় প্রস্তাব দিলেন। তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন পুরুষরাও নির্যাতনের শিকার হন। অপরাধ হয় তাঁদের সঙ্গেও। এই বিল পাশ করার পর মিনিস্ট্রি অফ লয়ের অধীনে এই কমিশন গঠিত হলে তারা পুরুষদের অধিকার নিয়ে কথা বলতে পারবে। কোথাও কোনও অপরাধ ঘটলে, নির্যাতনের শিকার হলে তাঁদের পাশে থাকতে পারবে। একই সঙ্গে পুরুষদের মধ্যে যে দ্রুত গতিতে আত্মহত্যার প্রবণতা বাড়ছে সেটাও কমবে। এখন এটাই দেখার পালা যে সংসদে এই বিল পেশ হয় কিনা, বা হলেও পাস করে কিনা। 

প্রসঙ্গত, কেতনের কথা বলায় সমস্যা ছিল, তোতলাতেন। এমনকী তিনি পরচুল পরতেন। হবু স্বামীকে তাই কখনও আকর্ষণীয় মনে হয়নি সিয়া গোয়েলের। এছাড়া তার একজন প্রেমিকও ছিল, চেতন। তার সঙ্গেই হাত মিলিয়ে কেতনকে হত্যার ছক কষেন সিয়া। প্রথমবার ব্যর্থ হলেও, লোহগড় দুর্গ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্ল্যান বিফলে যায়নি তাঁদের। তবে কেতনকে হত্যা করার পরই জানা যায় যাঁর জন্য সিয়া এত কিছু করলেন সেই চেতন আদতে তাঁকে ঠকাচ্ছিলেন। তাঁর আরও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক আছেন। এমনকী তাঁদের একজনের জন্য ২ লাখ টাকা দিয়ে একটি আংটিও কিনেছিলেন। শুধু তাই নয়, এই কেসের বিষয়ে জানা গিয়েছে, চেতন এবং সিয়া গোপনে নাকি বিয়েও সেরে ফেলেছিলেন! আর তার মধ্যেই এই পুরুষদের জন্য জাতীয় কমিশনের বিলের প্রস্তাব যে বিশেষ একটা পদক্ষেপ সেটা বলার অপেক্ষা রাখে না।