কেতন আগরওয়াল হত্যা মামলায় নতুন মোড়। মূল অভিযুক্ত সিয়া গোয়েলের একটি স্ন্যাপচ্যাট (Snapchat) কথোপকথন প্রকাশ্যে আসার পর তদন্তে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিয়ার পুরোনো মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া এই চ্যাটগুলো এই হত্যাকাণ্ডের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ।

ওই চ্যাটে বোঝা যায় মে মাসে সিয়া তাঁর এক বান্ধবীর সঙ্গে বিয়ে নিয়ে কথা বলছিল। সেখানে সিয়া তাঁর বান্ধবীকে লেখেন, বিয়ের টিকিটের বুকিংয়ের জন্য আধার কার্ডের উভয় পাশের ছবি পাঠাতে। এরপরই তিনি রহস্যজনকভাবে মন্তব্য করেন, 'এই বিয়ে আসলে কখনওই হওয়ার নয়।' পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত খুনের ইঙ্গিত হতে পারে।

উল্লেখ্য, ১৮ জুন লোহাগড় দুর্গে থেকে পড়ে মৃত্যু হয় কেতনের। পুলিশের দাবি, সিয়া এবং তাঁর কথিত প্রেমিক চেতন চৌধুরী মিলে কেতনকে পাহাড়ের খাদে ফেলে দিয়েছিল। ইতিমধ্যে সিয়া এবং চেতনকে ১৬ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে পুণে আদালত। অভিযুক্তদের পলিগ্রাফ টেস্টের আবেদন আদালত খারিজ করে দিয়েছে।

তদন্তের খাতিরে পুলিশ সিয়ার সেই বান্ধবীকেও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, পুলিশের গাড়িতে সিয়ার একটি আপত্তিকর অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও তাঁর বাবা প্রবীণ গোয়েলের দাবি, গাড়ির দরজা চাপে তাঁর মেয়ের আঙুলে চোট লেগেছিল, এবং সে কেবল সেই চোট পাওয়া আঙুলটিই দেখাচ্ছিল—এর পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না।