চলতি বছরের এপ্রিল মাসেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল যে, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা আপামোর বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলির বহু প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা’-র শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবিতে ‘প্রিন্স অফ কলকাতা’র জুতোয় পা গলিয়েছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও। এবার এই হাই-প্রোফাইল প্রজেক্টকে ঘিরে সামনে এল এক মস্ত বড় এবং এক্সক্লুসিভ আপডেট। সৌরভের বায়োপিকে ওঁর পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের একাধিক চেনা ও জনপ্রিয় মুখকে। তবে চমকের শেষ এখানেই নয়। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়া-র চরিত্রে দেখা যাবে কে কে মেনন-কে। যদিও আগে কানাঘুষোয় শোনা গিয়েছিল ওই চরিত্রে নাকি দেখা যেতে পারে গজরাজ রাও-কে। তবে এবার খবর, গজরাজ নয় কে কে মেনন-ই হচ্ছেন পর্দায় ডালমিয়া।

এই ক্রিকেট প্রশাসকের সঙ্গে সৌরভের সম্পর্ক যেমন ব্যক্তিগত স্তরের ছিল, তেমনই সৌরভের কেরিয়ারে ময়দানের 'জগুদা'র 'হাত' কতটা তা ক্রিকেটপ্রেমী মাত্রেই জানেন। সুতরাং, সৌরভের বায়োপিকেও যে সেই সম্পর্কের রসায়ন ফুটে উঠবে, তা বলাই বাহুল্য। খবর, ছবিতে সৌরভ গাঙ্গুলির বাবা তথা সিএবি-র প্রাক্তন পদাধিকারী প্রয়াত চণ্ডী গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন টলিউডের ‘অপুদা’ অর্থাৎ বর্ষীয়ান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সৌরভের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বোস-কে। তবে বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রের কাস্টিং নিয়েও কম জল্পনা হয়নি।
প্রথমে মিমি চক্রবর্তী, ইশা সাহা এবং অমৃতা চট্টোপাধ্যায়ের-দের নাম বিবেচনার তালিকায় থাকলেও, শেষ পর্যন্ত ডোনা গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলাচ্ছেন ‘আ স্যুটেবল বয়’ খ্যাত অভিনেত্রী তানিয়া মানিকতলা।এই বায়োপিকে সৌরভের ক্রিকেট জীবনের লড়াকু এবং নির্ভীক অধিনায়ক হয়ে ওঠার রূপকথার পাশাপাশি, ওঁর ব্যক্তিগত জীবন এবং ডোনার সঙ্গে ওঁর সেই বিখ্যাত ও চিরসবুজ প্রেমকাহিনির ওপরও সমানভাবে আলো ফেলা হবে।
বাস্তব জীবনে সদ্যই কন্যাসন্তানের বাবা হওয়া রাজকুমার রাও এই বায়োপিকটি নিয়ে অত্যন্ত উৎসাহিত ও রোমাঞ্চিত। সেটের ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন— “শেষমেশ শুরু হল... এক এবং একমাত্র #দাদা।”
একটি সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানিয়ে রাজকুমার বলেন, “যেহেতু দাদা নিজেই বিষয়টা আগে ঘোষণা করে দিয়েছেন, তাই আমিও অফিশিয়ালি জানিয়ে দিই— হ্যাঁ, আমি ওঁর বায়োপিকে অভিনয় করছি। আমি চরম নার্ভাস... এটা একটা মস্ত বড় দায়িত্ব, তবে কাজটা করতে খুব মজা হবে।”
লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের ‘লভ ফিল্মস’ দ্বারা প্রযোজিত এই ছবিটি যে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সফল স্পোর্টস-বায়োপিক হতে চলেছে, তা তারকাখচিত কাস্ট এবং বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনার হাতযশ দেখেই আন্দাজ করা যাচ্ছে। প্রসঙ্গত, রাজকুমার রাওকে শেষবার নেটফ্লিক্সের ছবি ‘টোস্টার’-এ সানিয়া মালহোত্রার সাথে দেখা গিয়েছিল, যা পরিচালনা করেছিলেন বিবেক দাস চৌধুরী এবং প্রযোজনা করেছিলেন রাজকুমারের স্ত্রী পত্রলেখা। তবে এবার রাজকুমারের ব্যাটে ‘দাদা’র কভার ড্রাইভ দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন ক্রিকেট ও সিনেমাপ্রেমীরা।















