টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা
বলিউডের গ্ল্যামার কুইন ক্যাটরিনা কইফ মানেই ভক্তদের উন্মাদনা। সম্প্রতি ৪৩ বছরে পা দিলেন এই অভিনেত্রী। নিজের জন্মদিনের বিশেষ দিনটিতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এবারের জন্মদিনের বিশেষ আকর্ষণ ছিল ভিকি কৌশলের সাথে তাঁর কাটানো একান্ত কিছু সময়। তবে সমস্ত নজর কেড়ে নিয়েছে ছেলের সঙ্গে কাটানো ক্যাটরিনার আদুরে মুহূর্ত। ছবিগুলোতে দেখা যাচ্ছে ছেলে বিহান কৌশলের সঙ্গে খুনসুটিতে, আদরে মাখামাখি ক্যাটরিনা। ছেলের সঙ্গে কাটানো এই মিষ্টি মুহূর্তের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। যদিও ছবিগুলোতে বিহানের মুখ স্পষ্ট নয়।
আবেগে ভাসলেন কার্তিক
৭২তম জাতীয় পুরস্কারের মঞ্চে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব জিতে নিলেন কার্তিক আরিয়ান। এই প্রথমবার জাতীয় পুরস্কারের মঞ্চে জয়জয়কার হল এই অভিনেতার। নিজের এই সাফল্যে কার্তিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, জাতীয় পুরস্কারের খবর শোনার মুহূর্তেই আনন্দে চিৎকার করে উঠছেন তিনি। এরপরই পরিবারের সদস্যদের, বিশেষ করে মা-বাবাকে জড়িয়ে ধরে এই খুশির মুহূর্ত ভাগ করে নেন অভিনেতা। ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করে কার্তিক লিখেছেন, "এখনও বিশ্বাস হচ্ছে না। কিছু অনুভূতি সত্যিই শব্দের অতীত। বহু বছরের স্বপ্ন অবশেষে সত্যি হল। আমি কৃতজ্ঞ।"
কেন ক্ষমা চাইলেন রণবীর?
সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী হলেন অনুরাগীরা। মঞ্চে রণবীর কাপুরকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়।সাধারণত এই ধরনের বড় অনুষ্ঠানে তারকাদের এমন দেখে অবাক হন অনেকে, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয় নানা গুঞ্জন। ট্রোলিংয়ের শিকার হতে দেখে দেরি না করে অভিনেতা নিজেই বিষয়টি খোলসা করেন এবং অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নেন। রণবীর জানান, এটা কোনও ফ্যাশন স্টেটমেন্ট ছিল না, বরং শারীরিক সমস্যার কারণে তিনি এটি পরতে বাধ্য হয়েছেন। অভিনেতা বলেন, “আমার চোখে সংক্রমণ (infection) হয়েছে। তাই আলো থেকে বাঁচতে এবং চোখের সুরক্ষার খাতিরে আমাকে এই সানগ্লাস পরতে হয়েছে।”
















