হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাত্রাতিরিক্ত প্রচার এবং প্রচারের সংস্কৃতি নিয়ে এবার কড়া ভাষায় মুখ খুললেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে করণ জানান, বলিউডে এখন সবকিছুই টাকার বিনিময়ে পাওয়া যায়, যা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত ক্ষতিকর। দর্শকের আসল প্রতিক্রিয়া বা মনোভাবকী, তা এখন আর বোঝা সম্ভব হচ্ছে না।
আলোচনার সময় এক অংশগ্রহণকারী জাহ্নবী কাপুর এবং শানায়া কাপুরের আসন্ন ছবি 'পরম সুন্দরী' ও 'তু ইয়া মেইন'-এর প্রচারের প্রসঙ্গ টেনে 'মেথড মার্কেটিং' নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে করণ স্পষ্ট ভাষায় জানান, কারওর নির্দিষ্ট নাম না নিলেও সামগ্রিকভাবে বলিউডের এখন পিআর বা অতিরিক্ত মার্কেটিং পুরোপুরি বন্ধ করা উচিত।
করণ জোহরের মতে, অভিনেতা-অভিনেত্রীদের উচিত নিজেদের কাজ দিয়ে কথা বলা। তাঁর কথায়, "আমার মনে হয় বলিউডের এবার পিআর বন্ধ করা উচিত। নিজেদের সাফল্যকেই কথা বলতে দেওয়া ভালো। কারণ দুর্ভাগ্যবশত আজ সমস্ত পিআর-ই হল 'পেইড পিআর'। আপনি যদি দেখতে সুন্দর হন বা নিজেকে পৃথিবীর সেরা অভিনেতা প্রমাণ করতে চান, তার জন্য শুধু টাকা দিতে হয়।"
প্রযোজকের মতে, মাত্রাতিরিক্ত প্রচারের কারণে আসল দর্শক এবং অর্থের বিনিময়ে জোর প্রচার করা মানুষজনের মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে পড়েছে। কোন জিনিসটা দর্শক সত্যি পছন্দ করছেন আর কোনটার জন্য টাকা খরচ করে বাহবা কুড়োনো হচ্ছে—তা আর বিচার করা যাচ্ছে না। তবে প্রচার এবং ঝাঁ চকচকে কক্ষে পড়ার যে বিষয়টি- সেটি যে কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, তাও স্বীকার করে নিয়েছেন তিনি।
















