বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন। তবে সম্প্রতি তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের অংশ নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, সেখানে বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত কঙ্গনার কেরিয়ারের একেবারের শুরুর দিকে, যখন তিনি ‘ওহ লমহে’ ছবিতে কাজ করছিলেন। কঙ্গনার দাবি, এই ছবির স্ক্রিনিং চলাকালীন মহেশ ভাট তাঁর ওপর চড়াও হয়েছিলেন এবং তাঁকে নাকি জুতো ছুড়ে মেরেছিলেন। এখানেই শেষ নয়, কঙ্গনার আরও অভিযোগ, পরিচালক একসময় এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তিনি কঙ্গনাকে মারার জন্য তেড়ে এসেছিলেন। সেই মুহূর্তে মহেশ ভাটের মেয়ে পূজা ভাট তাঁকে আটকেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটিয়েছিলেন মহেশ ভাট, সেটা খোলসা করেননি অভিনেত্রী। কঙ্গনা জানান, তিনি যখন সেই সময়কার ঘটনাগুলোর কথা মনে করেন, তখন তাঁর গায়ে কাঁটা দেয়। তিনি দাবি করেছেন, ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রা খুব একটা সহজ ছিল না এবং শুরুর দিকে তাঁকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল যা ভাবাও কঠিন।
যদিও এই অভিযোগের প্রেক্ষিতে মহেশ ভাটের পক্ষ থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তুমুল শোরগোল পড়েছে। বলিউডের স্বজনপোষণ এবং অন্দরমহলের রাজনীতি নিয়ে কঙ্গনা বরাবরই সরব। তাঁর এই পুরনো সাক্ষাৎকারটি নতুন করে ভাইরাল হওয়ার পর ফের একবার বলিপাড়ায় এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।
















