বিনোদন দুনিয়ায় বরাবরই তিনি 'কন্ট্রোভার্সি কুইন', তবে এবার এক খুবই সংবেদনশীল ও জরুরি বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত। তাঁর আসন্ন ছবি 'ভারত ভাগ্য বিধাতা' -র প্রচারের মঞ্চে কর্মজীবী মায়েদের অধিকার এবং কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

সম্প্রতি ছবিটির প্রযোজনা সংস্থা 'পেন স্টুডিওস'-এর একটি প্রচারের সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী স্মিতা তাম্বে এবং গিরিজা ওকের সঙ্গে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানেই উঠে আসে শুটিং সেটের এক বাস্তব চিত্র। কঙ্গনা জানান, শুটিং চলাকালীন স্মিতার কন্যা প্রায়ই সেটে আসত। শুধু স্মিতাই নন, সেটের ক্রু মেম্বার অক্ষতের সন্তানও সেখানে খেলাধুলা করত।

স্মিতা নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, ক্যামেরার সামনে শট দেওয়ার সময়ও তাঁর মনের ভেতরে সারাক্ষণ একটাই চিন্তা চলত, "মেয়ে ঠিক সময়ে ঘুমালো তো?" সহকর্মীদের সহযোগিতায় সেটে বাচ্চারা নিরাপদ থাকলেও, এই পুরো বিষয়টি কঙ্গনাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তাঁর কথায়, "আমরা কাজের জায়গায় প্রার্থনাকক্ষ বা অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে এত কথা বলি, কিন্তু শিশুদের জন্য কোনও নির্দিষ্ট ঘর বা প্লে-রুম থাকে না কেন?" 

কঙ্গনা স্পষ্ট ভাষায় জানান, শুধুমাত্র মুখে 'নারী ক্ষমতায়ন' বা 'মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ' বাড়ানোর কথা বললেই হবে না, তার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। বিনোদন জগতের গ্ল্যামারের আড়ালে থাকা কঠিন বাস্তবকে সামনে এনে কঙ্গনা বলেন, "দেশের যোগ্য ও প্রতিভাবান নারীরা যখন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরতে চান, তখন অফিসে ডে-কেয়ার বা ক্রেশের ব্যবস্থা না থাকায় তাঁরা কেরিয়ার ও পরিবারের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বাধ্য হন।"

কঙ্গনা মনে করিয়ে দেন, সরকার এখন সংরক্ষণের মাধ্যমে নারীদের কর্মক্ষেত্রে যোগ দিতে উৎসাহিত করছে। কিন্তু কাজের জায়গায় যদি মায়েরা তাঁদের সন্তানদের নিরাপদে রাখার জায়গা না পান, তবে এই পরিকল্পনা সফল হওয়া অসম্ভব। সহ-অভিনেত্রী গিরিজাও কঙ্গনার সুরে সুর মিলিয়ে বলেন, এটি কোনও মানবিকতার খাতিরে পাওয়া সুযোগ হওয়া উচিত নয়, এটি মায়েদের আইনি অধিকার।

প্রসঙ্গত, আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে থ্রিলার ঘরানার ছবি 'ভারত ভাগ্য বিধাতা'। ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সময় কামা হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের বীরত্বের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। যেখানে হাসপাতালের কর্মীদের লড়াইয়ের পাশাপাশি নারীদের জীবনের এই বাস্তব সংগ্রামকেও তুলে ধরেছেন কঙ্গনা। বিনোদন মহলের একাংশের মতে, দীপিকা পাড়ুকোনের মতো শীর্ষ অভিনেত্রীরা যখন সম্প্রতি মাতৃত্ব ও কাজের শিডিউল নিয়ে কথা বলছেন, তখন কঙ্গনার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ।