হবু স্বামী সৌরভের মৃত্যুর পর তার প্রথম পক্ষের মেয়েকে মায়ের স্নেহ ভালবাসায় ভরিয়ে দিয়েছে পল্লবী। বাবার অভাব ছোট্ট মেয়েটাকে বুঝতে দিতে চায় না বলে নিজের বাড়িতেই তাকে এনে রেখেছে সে। জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এর জনপ্রিয়তা ইতিমধ্যেই দারুণ বেড়েছে। আর গল্পের পল্লবীর জীবনের এই মোড়ও পছন্দ করেছেন দর্শক। এই ধারাবাহিক টিআরপিতেও ভাল ফল করেছে। এবার মেগায় আসছে জটিল মোড়। 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে কমলা ও শ্রীনিবাস আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। সৌরভের বাড়ির লোক মানে বোন ও ভগ্নিপতি দাবি করে যে বাচ্চাটিকে পল্লবী ও তার বাড়ির লোক জোর করে আটকে রেখেছে। পুলিশের কাছেও এই অভিযোগ দায়ের করে তারা। এদিকে, পল্লবীর পাশে থাকতে কমলা ও শ্রীনিবাস পুলিশের সঙ্গে বচসায় জড়ায়। এরপর প্রভাব খাটিয়ে তাদের গরাদের ভিতর ঢুকিয়ে দেয় সৌরভের বোন ও ভগ্নিপতি। মহিলা পুলিশ দিয়ে পল্লবীকেও আটকে দেয় তারা। আর বাচ্চাটিকে তার কাছ থেকে কেড়ে নেয়। 

পল্লবী কি পারবে যাকে মেয়ে বলে মেনে নিয়েছে, তাকে আবার কাছে ফিরিয়ে আনতে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? প্রোমো দেখে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। বোঝাই যাচ্ছে, এই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব আসলে আগামিদিনে টিআরপিতে ভালই প্রভাব পড়বে।

কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল পল্লবীর জীবনের এক ভয়ঙ্কর মুহূর্ত। বিয়ের দিন হবু বরকে চিরতরে হারিয়েছিল কমলার মেজমেয়ে। সেই শোকের ছায়া কাটতে না কাটতেই ছোটমেয়ে ঝিনুকের জীবনে এসেছে নতুন মোড়। বাড়ি বয়ে পাত্র নিজের সম্বন্ধ নিয়ে এসেছে! দেখা যাচ্ছে,

কমলা ও‌ শ্রীনিবাসের বাড়িতে আসে খাসনবিশ গ্রুপ অফ কোম্পানির মালিক সম্রাট খাসনবিশ। সে এসে সরাসরি ঝিনুককে বিয়ের প্রস্তাব দেয়। জানায়, তার কাছে সব আছে, শুধু পরিবার নেই। ঝিনুককে সে বিয়ে করতে চাইলে শ্রীনিবাস বাধা দেয়। সে জানায়, দুটো মানুষের মনের মিল দরকার বিয়ের আগে। সম্রাট কি শ্রীনিবাসের কথা মেনে নেবে? ঝিনুক আর সম্রাটের সম্পর্কে কোন মোড় আসতে চলেছে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।