সংবাদসংস্থা মুম্বই: মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে 'কল্কি ২৮৯৮ এডি'। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রথমবার খলনায়কের অবতারে ধরা দেবেন দক্ষিণী তারকা কমল হাসান। তাঁর অভিনীত চরিত্রের নাম 'সুপ্রিম ইয়াসকিন'।‌ ছবির ট্রেলারে তাঁকে দেখা গিয়েছে এক ঝলক। তাতেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। এবার 'কল্কি ২৮৯৮ এডি' ছবির প্রচারে এসে মঞ্চ থেকে কমল জানালেন, তাঁর বহু বছরের ইচ্ছে ছিল পর্দায় দুষ্টু লোকের চরিত্রে অভিনয় করার। এতদিনে তাঁর সেই ইচ্ছেপূরণ হল।

 অনুষ্ঠানে কমল হাসান সহ হাজির ছিলেন ছবির প্রধান কলাকুশলীরা- অমিতাভ বচ্চন, প্রভাস এবং দীপিকা পাডুকোন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন 'বাহুবলী' ছবি খ্যাত তারকা রাণা দুগ্গুবতি। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ছবিতে নিজের চরিত্রের বিষয়ে বলতে গিয়ে কমল বলেন, "এই অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই অমিত'জীর সঙ্গে কথা হচ্ছিল। ওঁকে বলছিলাম, পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করার ইচ্ছে আমার বহুদিনের। ভীষণভাবে চাইতাম পর্দায় দুষ্টু লোক হিসাবে দর্শকের সামনে হাজির হব কারণ একজন দুষ্টু লোক সিনেমায় তাঁর ইচ্ছেমতো ভাল ভাল সব কাজ করতে পারছ। ছবির নায়ককে যেখানে রোমান্টিক গান গেয়ে নায়িকার জন্য অপেক্ষা করতে হচ্ছে সেখানে একজন খলনায়ক চাইলেই তার ইচ্ছেমতো যা খুশি তাই করতে পারে। তাই আমি ভেবে রেখেছিলাম, যদি কোনওদিন পর্দায় খলনায়ক হওয়ার সুযোগ পাই, তা হলে কিন্তু দারুণ মজা হবে"।

'কল্কি ২৮৯৮ এডি'তে কমলের লুক জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। সে প্রসঙ্গে এই অভিনেতাকে বলতে শোনা যায়, "আমার এই লুকটা বহু চিন্তাভাবনার ফসল। প্রথম দিনের আলোচনা থেকেই এটা ঠিক হয়ে গিয়েছিল এই ছবিতে আমার লুকের সঙ্গে যেন আমার নিজের আগের কোনও ছবির চরিত্রের লুকের সাদৃশ্য না থাকে। লুকটা এমন হতে হবে যা দর্শক আগে দেখেননি। অন্য অভিনেতারাও চেষ্টা করেননি"। সমান্য থেমে মজার সুরে কমল বলেন, "এই ছবির খলনায়ক হিসাবে কেমন লুক হবে আমার, তা নিয়ে বিস্তর ভাবনাচিন্তা করেছি। যাইই বলতে যেতাম দেখি আগেই তা কেউ বলে ফেলেছে কিংবা করে ফেলেছে। শুধুমাত্র অন্তঃসত্ত্বা হতে রাজি ছিলাম না‌...ওমা দেখি সেটাও ছবিতে দীপিকা হচ্ছেন!"

কথাশেষে 'বিশ্বরূপম' তারকার সংযোজন, "এই ছবির অভিনেতাদের লুক নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমেরিকা পর্যন্ত ছুটেছি। সেখানেও একেবারে সফল হইনি। সময় লেগেছে। তারপর যখন শেষমেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলাম, দারুণ খুশি হয়েছিলাম। আশা করি, দর্শকেরও একই অনুভূতি হবে।