ভারতীয় সিনেমার ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক নিয়ে নতুন করে আলোড়ন। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কিংবদন্তি অভিনেতা কমল হাসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক-অভিনেতা ইউগি সেতু এমন এক তথ্য সামনে এনেছেন, যা শুনে অনেকেই চোখ কপালে তুলেছেন। তাঁর দাবি—মেগা সায়েন্স-ফিকশন ছবি কল্কি ২৮৯৮ এডি ছবির প্রথম ভাগের জন্য কমল হাসান যে পারিশ্রমিক পেয়েছেন, তা ভারতীয় সিনেমায় কার্যত নজিরবিহীন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ইউগি সেতু জানান, ছবির জন্য কমল হাসনের মোট পারিশ্রমিক ছিল প্রায় ১৫০ কোটি টাকা। শুটিংয়ের জন্য তিনি ডেট দিয়েছিলেন মাত্র ২০ দিন। সেই হিসেবেই তিনি মজা করে বলেছিলেন, ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা সম্ভবত তিনিই, কারণ দিনে প্রায় এক মিলিয়ন ডলার করে পাচ্ছেন তিনি।
কিন্তু এখানেই গল্পে মোচড়। ইউগি জানান, পরে ছবির প্রযোজক অশ্বিনী দত্ত-এর সঙ্গে কথা বলার সময় তিনি আরও অবাক হয়ে যান। কারণ প্রযোজকের দাবি, কমল হাসান নাকি ২০ দিন নয়, মাত্র ১০ দিন শুটিং করেছিলেন! অর্থাৎ হিসেবটা দাঁড়ায় দিনে প্রায় দুই মিলিয়ন ডলার। ( ভারতীয় মুদ্রায় ১৬ কোটির টাকারও বেশি) এই অঙ্ক যদি সত্যি হয়, তবে তা ভারতীয় চলচ্চিত্র জগতে একেবারেই অভূতপূর্ব।
কল্কি ২৮৯৮ এডি ছবিতে কমল হাসানকে দেখা গিয়েছিল ‘সুপ্রিম ইয়াসকিন’ নামে এক রহস্যময় ও ক্ষমতাধর শাসকের চরিত্রে। ডিস্টোপিয়ান ভবিষ্যতের এক অন্ধকার জগতে ‘কমপ্লেক্স’ নামের এক শক্তিশালী ব্যবস্থার নিয়ন্ত্রণ তাঁর হাতেই। প্রথম ছবির শেষেই স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল—পরবর্তী কিস্তিতে এই চরিত্রের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে সিক্যুয়েলে কমল হাসানের উপস্থিতি আরও বড় আকারে দেখা যাবে বলেই মনে করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, ওই ছবির জন্য অমিতাভের মোট পারিশ্রমিক ছিল মোটে তে২০ কোটি টাকার আশেপাশে! তবে কমল হাসনের পারিশ্রমিক নিয়ে আদৌ মাথা ঘামাননি ‘বিগ বি’।
এর মধ্যেই শুরু হয়ে গেছে কল্কি ২৮৯৮ এডি-র দ্বিতীয় পর্বের কাজ। সেই শুটিং ফ্লোর থেকেই সম্প্রতি কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। প্রায় চার দশক পর আবার একসঙ্গে কাজ করছেন তিনি ও কমল হাসন। এর আগে শেষবার তাঁদের দেখা গিয়েছিল গ্রেপ্তার ছবিতে।
নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, হায়দরাবাদে শুটিংয়ের কারণে সেই রবিবার ভক্তদের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। কিন্তু সেটে কমল হাসানের সঙ্গে আবার কাজ করার মুহূর্ত তাঁর কাছে বিশেষ স্মরণীয়। পোস্ট করা ছবিতে দুই কিংবদন্তিকে দেখা যায় আলিঙ্গনে আবদ্ধ হয়ে হাসিমুখে গল্প করতে। অন্য একটি ফ্রেমে ভারী প্রস্থেটিক মেকআপে ধরা দেন অমিতাভ বচ্চন।
পরিচালক নাগ অশ্বিন-এর তৈরি 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তির পরই ভারতীয় সিনেমায় এক নতুন দিগন্ত খুলে দেয়। বৈজয়ন্তী মুভিজ-এর প্রযোজনায় নির্মিত এই মিথোলজিক্যাল সায়েন্স-ফিকশন ছবিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি-সহ একাধিক তারকা।
হিন্দু পুরাণ থেকে অনুপ্রাণিত এই গল্পে ভবিষ্যতের ২৮৯৮ সালের কাশী শহরকে কেন্দ্র করে এক রহস্যময় অভিযানের কাহিনি বলা হয়েছে। বিশ্বাস করা হয়, ‘সাম-এইট্টি’ নামে এক পরীক্ষাগারের চরিত্রের গর্ভস্থ সন্তানই ভবিষ্যতে বিষ্ণুর শেষ অবতার ‘কল্কি’ হয়ে আবির্ভূত হবে। সেই শিশুকে রক্ষা করার লড়াই নিয়েই এগোয় গল্প।
বক্স অফিসেও দাপট দেখিয়েছিল ছবিটি। দেশে প্রায় হাজার কোটি টাকার ব্যবসা করে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্যের তালিকায় জায়গা করে নেয়। ফলে সিক্যুয়েলকে ঘিরে প্রত্যাশা এখন আরও তুঙ্গে।
আর সেই প্রত্যাশার মাঝেই নতুন করে আলোচনায় কমল হাসানের পারিশ্রমিকের অঙ্ক। যদি ইউগি সেতুর দাবি সত্যি হয়, তবে শুধু চরিত্রের গুরুত্ব নয়—পারিশ্রমিকের দিক থেকেও 'কল্কি ২৮৯৮ এডি' ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে এক নতুন ইতিহাস।
&t=371s
