দক্ষিণী ছবির 'সুপারস্টার' প্রভাসের ব্লকবাস্টার ছবি 'কল্কি ২৮৯৮ এডি' বক্স অফিসে যে ঝড় তুলেছিল, তার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই সিনেমাপ্রেমীদের জন্য চলে এল এক বিরাট সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল ছবিটির দ্বিতীয় পর্ব অর্থাৎ 'কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২'-এর শুটিং। তবে চমকের এখানেই শেষ নয়, জানা গিয়েছে, ছবির কাজ শুরু হয়েছে দুই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং কমল হাসানকে দিয়ে।

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, হায়দরাবাদের শঙ্করপল্লীতে একটি বিশাল সেট তৈরি করে এই মেগা বাজেটের ছবির শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বিন। বর্তমান শিডিউলে অমিতাভ বচ্চন (অশ্বত্থামা) এবং কমল হাসানের (সুপ্রিম ইয়াসকিন) গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর চিত্রায়ন চলছে। তবে খবর, শুটিংয়ের এই প্রাথমিক পর্যায়ে প্রভাসকে দেখা যাচ্ছে না। অর্থাৎ, খলনায়ক ইয়াসকিন এবং রক্ষাকর্তা অশ্বত্থামার মধ্যকার সেই মহাকাব্যিক লড়াইয়ের প্রস্তুতি নিয়েই দ্বিতীয় কিস্তির যাত্রা শুরু হল।

২০২৪ সালে মুক্তি পাওয়া এই ছবির প্রথম পর্ব পুরাণ এবং কল্পবিজ্ঞানের এক অনন্য মিশেল ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে ২৮৯৮ সালের এক ধ্বংসপ্রায় পৃথিবীর গল্প দর্শকদের মুগ্ধ করেছিল। প্রথম পর্বে অমিতাভ বচ্চনের 'অশ্বত্থামা' অবতার এবং শেষে কমল হাসানের রহস্যময় উপস্থিতি পরের পর্বের প্রতি কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। এবার সেই রহস্যের জট খুলতেই কোমর বেঁধে নেমেছেন নির্মাতারা।

এদিকে, একটি গুঞ্জন বেশ আলোচনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনের জায়গায় সিক্যুয়েলে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, প্রভাস বর্তমানে তাঁর অন্যান্য কাজ যেমন 'ফৌজি' এবং 'স্পিরিট' নিয়ে ব্যস্ত থাকলেও খুব তাড়াতাড়িই তিনি 'কল্কি ২'-এর সেটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রভাস, 'বিগ-বি' ও কমল হাসানের মতো তারকাদের একসঙ্গে বড়পর্দায় দেখা মানেই যে নতুন কোনও ইতিহাস তৈরি হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই অনুরাগীদের মনে। এখন দেখার বিষয়, ছবির দ্বিতীয় পর্বে নাগ অশ্বিন দর্শকদের জন্য আর কী কী চমক জমা রেখেছেন।