বলিউডে তারকাদের প্রতিটি পদক্ষেপই ক্যামেরাবন্দি হয়—এ যেন আজকের স্বাভাবিক বাস্তব। কিন্তু শোকের মুহূর্তেও কি সেই একই নিয়ম প্রযোজ্য? এই প্রশ্নই নতুন করে সামনে আনলেন কাজল। পাপারাজ্জিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে শেষমেশ 'দয়া কর' বলে উঠলেন তাঁর মতো দাপুটে অভিনেত্রীও।
রবিবার, বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মনীশ মালহোত্রা-র মায়ের মৃত্যুর পর তাঁর বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছেছিলেন কাজল।সেখানেই ঘটে একটি মুহূর্ত, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
“দয়া করে এবার থাম” পাপারাজ্জিদের উদ্দেশ্যে একটি ভিডিওতে শোনা ও দেখা যাচ্ছে কাজলের স্পষ্ট বার্তা। অনলাইনে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, বাড়ির বাইরে উপস্থিত পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে দিয়ে ভিতরে ঢুকছেন কাজল। এই সময় তিনি স্পষ্টভাবে বলেন, “দয়া করে এবার থাম” এবং হাত তুলে ইশারায় ক্যামেরা বন্ধ করার অনুরোধ জানান। অভিনেত্রীর শরীরী ভাষাতেই ছিল অস্বস্তি এবং পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা।
ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন—ব্যক্তিগত শোকের মুহূর্তে ক্যামেরার উপস্থিতি কতটা যুক্তিযুক্ত? একাধিক নেট ব্যবহারকারী কাজলের অবস্থানকে সমর্থন করে জানিয়েছেন, সমবেদনা জানাতে যাওয়া কোনও ‘পাবলিক অ্যাপিয়ারেন্স’ নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত মুহূর্ত, যেখানে সংবেদনশীলতা বজায় রাখা প্রয়োজন।
