কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল ঋষি ও নিশার মুখোমুখি সংঘাত। নিশাকে গুলি করে ঋষি। যদিও নিশা প্রাণে বেঁচে যায়। উজি দিদিকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করে। জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'তে এমন মোড় ঘোরানো মুহূর্ত দেখে চিন্তায় ছিলেন অনুরাগীরা। নিশাকে মহারানির তেজে দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শক। এবার গল্পে আসছে আরও বড় চমক!
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, উজি ও নিশাকে একটা ঘরে আটকে রেখেছে কেউ। আর অন্যদিকে, ঋষির বোন খেয়ার বিয়ে হচ্ছে। খেয়ার সঙ্গে যাকে বিয়ে হচ্ছে, সেই ছেলেটা আসলে সুবিধাবাদী। খেয়াকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করতে চায় সে। সেটা বুঝতে পেরে উজি খেয়াকে বাধা দেয়। কিন্তু খেয়া উল্টে উজিকেই ভুল বোঝে।
আর খেয়ার বিয়ের দিনই নিখোঁজ উজি! তাই সন্দেহ হয় ঋষির। সে বারবার উজিকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করতে থাকলেও উজিকে ফোনে পায় না। চিন্তা বাড়তে থাকে ঋষির। এর মধ্যেই গল্পে আসে আসল টুইস্ট। দেখা যায় উজি ও নিশাকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছে, সেই ঘর হঠাৎই ধোঁয়ায় ভরে ওঠে। আর তার মধ্যে দিয়েই দেখা যায় দুর্জয়কে। সে ওই ঘরে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যেতে থাকে উজি ও নিশা। কী হবে শেষমেশ? দুই বোনের জীবন কি তবে এখানেই শেষ হবে? উত্তরের অপেক্ষায় দর্শক।
'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে একের পর এক চমক আসছে। তবে এবার যা ঘটতে চলেছে তাতে গল্পের ট্র্যাক যে একেবারে বদলে গিয়ে আরও আকর্ষক হতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই ধারাবাহিক জি বাংলার পর্দায় রোজ দেখা যায়। এটি রাত পৌনে নটা থেকে সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অর্থাৎ 'নিশা-উজি'র চরিত্রে রয়েছেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি।















