আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
আশাজিকে শ্রদ্ধা জানালেন জন সিনা
আশা ভোঁসলের প্রয়াণে শ্রদ্ধা জানালেন জন সিনা৷ ডব্লিউডব্লিউই (WWE) তারকা ও অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় আশাজির একটি ছবি শেয়ার করে শ্রদ্ধা নিবেদন করেন। জন সিনার এই পোস্ট ভক্তদের মধ্যে চমক তৈরি করে। কোনও ক্যাপশন ছাড়াই শুধু একটি ছবি পোস্ট করেন৷
পোস্টটি প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের কেউ লেখেন, 'ভারত তোমাকে ভালবাসে জন' আবার কেউ লিখেছেন, “এক কিংবদন্তি আর এক কিংবদন্তিকে সম্মান জানাচ্ছেন”
মহম্মদ সিরাজ সান্ত্বনা দিলেন আশা ভোঁসলের নাতনিকে, ভিডিও ভাইরাল
প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের শেষকৃত্যের এক বিশেষ মুহূর্ত ভাইরাল৷ ভিডিওতে দেখা যায়, আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে শোকে ভেঙে পড়েছেন৷ ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। জনাই কান্নায় ভেঙে পড়লে সিরাজ তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। জানা গেছে, মহম্মদ সিরাজের সঙ্গে আশার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমনকি জনাই তাঁকে রাখিও পরিয়েছিলেন আগে। এই কারণেই শেষকৃত্যে তিনি বিশেষভাবে উপস্থিত হয়ে পরিবারের পাশে দাঁড়ান। আশার মৃত্যুতে গোটা দেশ শোকাহত, বলিউড অভিনেতা রণবীর সিংহ জনাইকে সান্ত্বনা দিয়েছেন৷ শচিন তেন্ডুলকর সস্ত্রীক এসেছিলেন৷ তাঁর চোখেও জল ছিল। তাবুও জড়িয়ে ধরে সান্তনা দেন জনাইকে৷
বিবাহবার্ষিকীতে আবেগঘন সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া সচদেব
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রথম বিবাহবার্ষিকীতে আবেগঘন বার্তা দিলেন স্ত্রী প্রিয়া সচদেব৷ এই দিনটি তাঁদের নবম বিবাহবার্ষিকী হলেও, স্বামীকে ছাড়া এই বছরের বিবাহবার্ষিকী তাঁর কাছে শূন্যতার সমান৷ প্রিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের কিছু ছবি শেয়ার করেন। সঞ্জয়ের হাতে লেখা একটি ব্যক্তিগত বার্তাও শেয়ার করেছেন। সঞ্জয় আর প্রিয়ার ভালবাসা এবং একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি সেই লেখায় স্পষ্ট৷ প্রিয়া লিখেছেন, তাঁদের গল্প এখনও শেষ হয়নি—সঞ্জয় তাঁর সোলমেট, জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিলেন বলেও জানিয়েছেন প্রিয়া৷















