জিতু কামাল সমাজমাধ্যমে বেশ অ্যাক্টিভ। নিজের বিভিন্ন কাজ থেকে, ব্যক্তিগত ছবি, ইত্যাদি পোস্ট করে থাকেন। এবার প্রকাশ্যে কাকে 'সন্দেহজনক ধর্ষক' বললেন নায়ক? 

জিতু কামাল এদিন ফেসবুকের পাতায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে দেওয়ালে একটি সাবান কোম্পানির বিজ্ঞাপন দেওয়া। বিজ্ঞাপনে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তাঁর মুখ জুড়ে পানের পিক। বুক, কাঁধেও ভরে ভরে পানের পিক ফেলা হয়েছে। এই ছবিটি পোস্ট করেই এদিন ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। 

জিতু কামাল এই ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখেন, 'পোস্টারে মহিলা দেখে তার মুখে আঁকিবুঁকি কাটা, পানের পিক ফেলা, বুকের অংশটা ছিঁড়ে ফেলা। এ কিন্তু সন্দেহজনক রেপিস্ট। এই অংশের মানুষই কোনও মেয়ে/ছেলেকে শান্ত থাকতে দেখে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এই অংশের মানুষই বাচ্চাদের, তাদের কথা বলার অক্ষমতা বা লজ্জায় কিছু না বলার সুযোগ নিয়ে ধর্ষণের অভিমুখ তৈরি করে।' 

অভিনেতা তাঁর পোস্টে এদিন আরও লেখেন, 'এদের মন, মানসিকতা মহিলা রয়েছে এমন পোস্টারের ওপরও মাঝে মাঝে এরা ছড়িয়ে দেয়। পোস্টার কথা বলবে না। সুতরাং দোষী সাব্যস্ত হওয়ার কোন অবকাশই নেই। এই ধরনের কার্যকলাপের সঙ্গে যাদের যুক্ত থাকতে দেখবেন, অবিলম্বে তাদের বিরুদ্ধাচারণ করুন। পারলে ঠাটিয়ে একটা চড় মারুন।'

অভিনেতার এই পোস্টে তাঁর বহু অনুরাগী এবং নেটিজেনরা সমর্থন জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ভীষণ রকম সত্যি কথাগুলো, এইভাবে কখনও ভেবে দেখা হয়নি, সাধারণত এইসব জিনিসকে মানুষ গুরুত্ব দেয় না, বা দেখেও এড়িয়ে যায়। এইভাবে যদি ভাবতে পারা যায় তাহলে মনে হয় অনেক অপরাধই আটকানো যাবে।' আরও এক ব্যক্তি লেখেন, 'অনেকদিন পর কোনও সেলিব্রিটির কাছ থেকে এমন সত্যি আর সাহসী পোস্ট দেখলাম। তুমি শুধু একজন অভিনেতা নও, একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়ও দিয়েছ।'

প্রসঙ্গত জিতু কামালকে দর্শকরা বর্তমানে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে দেখতে পাচ্ছেন। এই ধারাবাহিকে অভিনেতা আর্যর ভূমিকায় অভিনয় করছেন। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে তাঁর প্রথম স্ত্রী রাজনন্দিনীর মতো আচরণ করছে বর্তমান স্ত্রী অপর্ণা। যেন সে পুরনো স্মৃতি ফিরে পেয়েছে। এমন অবস্থায় দু'জনের সম্পর্কের কী অবস্থা হয় সেটাই দেখার। 

এছাড়া জিতু কামালকে আগামীতে এরাও মানুষ' ছবিতে দেখা যাবে। সেই ছবিতে আবারও অভিনেতার সঙ্গে থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুটিং চলছে তাঁর 'চোর' ছবিটিরও। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের এই ছবিতে নায়কের বিপরীতে থাকবেন দেবলীনা কুমার।