শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিন 'জাস্টিস ফর রাহুল' স্লোগানে রাজপথে নামছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। ক'দিন ধরেই 
সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। রাহুলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন যে টেকনিশিয়ানরা, তাঁরাও এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। সঙ্গে রয়েছে প্ল্যাকার্ড, তাতে লেখা 'জাস্টিস ফর রাহুল'। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিলে হাঁটা হয়েছে। এদিকে, প্রতিবাদ মিছিলে নজর কাড়লেন অভিনেতা জিতু কামাল। নিজের সাদাকালো ছবিতে মালা পরিয়ে মিছিলে আনলেন তিনি।

রাহুলের ছবির পাশে নিজের সাদাকালো ছবিতে রজনীগন্ধার মালা পরিয়ে রাখলেন। অভিনেতার দাবি, এই একই অবস্থা তাঁর সঙ্গেও হতে পারত। আর্টিস্ট ফোরাম মৃত অভিনেতার জন্য প্রতিবাদ করছে অথচ, জীবিত অভিনেতারা মৃত্যুর মুখে পড়লে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না।
জিতুকে এদিন দেখা যায় টেকনিশিয়ান স্টুডিওর গাছতলায় বসে এই অভিনব প্রতিবাদ করতে। 

এর আগে রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর খবরে সমাজমাধ্যমে জিতু লিখছিলেন, 'শুটিং চলাকালীন সেদিন আমারও মৃত্যু ঘটতে পারত। আমি আমার আর্টিস্ট ফোরামের কাছে চিঠি দিয়ে কমপ্লেন করলাম যে আমাকে গালি দেওয়া হয়েছে,যে প্রোডাকশনের জন্য আমি হসপিটালে ভর্তি হতে বাধ্য হলাম শুটিং চলাকালীন সেখানে সেক্রেটারি উপস্থিত ছিল। তারা কোন রকমের সদুত্তর দেয়নি। উল্টো আমি ফোন করে বলতে বাধ্য হলাম ঠিক আছে তোমরা যখন কিছু করবে না আর কি বলব! আমাকে আইনি পদক্ষেপ নিতে হল। এটা কি ফোরামের দায়িত্ব? আমি অনেক সিনিয়র কে ফোন করেছি কেউ কোনো উত্তর দেয়নি।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

জিতু আরও লেখেন, 'কিন্তু যখন কোনো প্রোডাকশনের তরফ থেকে আর্টিস্টের নামে কমপ্লেইন করে সঙ্গে সঙ্গে আর্টিস্টকে ডেকে তাকে ভৎসনা করা হয়। আর্টিস্ট ফোরামের বড় বাম-সদস্য প্রশ্ন তোলেন জীতুর সঙ্গেই কেন অনভিপ্রেত ঘটনাগুলো হয়?? আপনাদের কি কখনো জীতুর কোনও কাজের মাধ্যমে মাথা নত করতে হয়েছে???এমন হয়েছে কী জীতু বারবার ভুল প্রমাণিত হচ্ছে, সরি বলছে,আবার ভুল করছে??? মধ্যা কথা,জীতু প্রতিবাদী, তাই। অন্যায়ের সঙ্গে আপোষ করে না তাই।একটা আর্টিস্ট ফোরামের সদস্য হওয়া সত্বেও আমি যখন শুটিং করতে গিয়ে হসপিটালাইজড হলাম,আর্টিস্ট ফোরাম থেকে একটা মিনিমাম কল পর্যন্ত করা হয় না,কোনদিন করা হয়নি। একদল হতাশ লোক ক্রমাগত পেছন থেকে ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে শিল্পীদের ক্ষতি করার চেষ্টা করে চলেছে।আর্টিস্ট ফোরামের প্রধান কাজ টেকনিসিয়ান এ মৃত শিল্পীর পায়ে ফুল দান করা। ঠিক আছে আমিও নিশ্চয়ই আর্টিস্ট ফোরামের থেকে কোনো না কোনোদিন ফুল পাবো,
এই আশা নিয়ে আর্টিস্ট ফোরামের সদস্য হয়ে থাকি।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

প্রসঙ্গত, শনিবার সকালেই জানা গিয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ জানিয়ে এফআইআর করতে তালসারি যেতে পারেন প্রিয়াঙ্কা সরকার। এই বিষয়ে এবার নতুন তথ্য জানা যাচ্ছে। শনিবার দুপুর দু'টোর পর আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কা সরকারও রিজেন্ট পার্ক থানায় যান 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করতে। জানা গিয়েছে এখানে অভিযোগ জানানোর পর তালসারি যেতে পারেন রাহুলের স্ত্রী। সঙ্গে থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তর মতো অভিনেতারা।