টলিউড যখন সমসাময়িক ও ছকভাঙা গল্পের ভিড়ে বাণিজ্যিক ধারার ছবি থেকে কিছুটা দূরত্ব তৈরি করছে, ঠিক তখনই মূলধারার বিনোদনকে বাঁচাতে একার কাঁধে হাল ধরে রেখেছেন সুপারস্টার জিৎ। টলিপাড়ার এই ‘বস’-এর আসন্ন পিরিয়ড-অ্যাকশন ড্রামা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু ছবি মুক্তির ঠিক ১২ দিন আগে এক অপ্রত্যাশিত ধাক্কা খেলেন জিৎ-অনুরাগীরা। নির্দিষ্ট দিনে প্রেক্ষাগৃহে আসছে না এই বহুপ্রতীক্ষিত ছবি। আর এই খবর আনুষ্ঠানিকভাবে সমাজমাধ্যমে ঘোষণা করা হল জিৎ-এর প্রযোজনা সংস্থার তরফে।
জানা গেল, কারিগরি কিছু কাজ বাকি থেকে যাওয়ার কারণে আপাতত ছবিটির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ‘জিৎস ফিল্মওয়ার্কস’।
তা কেন এই আকস্মিক সিদ্ধান্ত? ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবির ক্যানভাস বেশ বড়। তাই পর্দায় নিখুঁত দৃশ্যপট ফুটিয়ে তুলতে কোনও তাড়াহুড়ো করতে চান না নির্মাতারা। জিতের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে - “এই ছবিকে পর্দায় যেভাবে ফুটিয়ে তোলা উচিত, ঠিক সেই নিখুঁত সিনেম্যাটিক অভিজ্ঞতা আপনাদের উপহার দিতে আমাদের পোস্ট প্রোডাকশনের কাজে আরও কিছুটা সময় লাগছে। সেই কারণেই ছবির মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া হল। খুব শীঘ্রই আমরা নতুন তারিখ ঘোষণা করব। আপনাদের এই অন্তহীন ভালবাসা, ধৈর্য এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।”
















