সংবাদসংস্থা মুম্বই: বলিউডে ফের বড় খবর। আবারও একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর । ‘বাওয়াল’-এর পর তাঁদের দ্বিতীয় ছবির নাম আগেই ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। ছবির নাম "সানি সংস্কারী কি তুলসি কুমারী’। ঘোষণা করা হয়েছিল ছবি মুক্তির সম্ভাব্য তারিখও। 
করণ জোহর নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করেছিলেন এই ছবির নাম। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শশাঙ্ক খৈতান। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশনস’। ছবির মুখ্য চরিত্রে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে বরুণ ও জাহ্নবীকে। সবকিছু ঠিক থাকলে প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল। আর এবার বড় ঘোষণা হল ছবি নিয়ে। ছবির নির্মাতাদের তরফে জানা গেল, শুরু হয়েছে এই ছবির শুটিং। শশাঙ্কের পরিচালনায় বরুণের অভিনয় মানেই দর্শক প্রেমের ছবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির ছবি আশা করেন। এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ও ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’ ছবি দুটিরই পরিচালক ছিলেন শশাঙ্ক। দুই ছবিতেই বরুণ ও আলিয়া জুটি বেঁধেছিলেন।
অন্যদিকে, শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রথম কাজের হাতেখড়ি পরিচালক শশাঙ্কের হাত ধরেই ৷ "ধড়ক" ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ বিপরীতে ছিলেন ঈশান  খট্টর। ছবিতে জাহ্নবীকে দেখে আবেগে ভেসে ছিলেন শ্রীদেবীর অনুরাগীরাও। তারপর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন নায়িকা। বর্তমানে বলিউডের পছন্দের অভিনেত্রীদের তালিকায় জাহ্নবীর নাম থাকেই। তাঁর ফ্যাশন থেকে মিষ্টি স্বভাবের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নায়িকা। বরাবরই নায়কদের সঙ্গে জাহ্নবীর কেমিস্ট্রি পছন্দ করেছেন দর্শকমহল তবে এবারের ছবির গল্পে নায়িকার সঙ্গে বরুণের কেমিস্ট্রি কতটা জমে সেটা অবশ্যই সময় বলবে।
শুটিং-এর শুভ মহরৎ-এর ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করণ লেখেন, "শুটিং শুরু হচ্ছে "সানি সংস্কারী কি তুলসি কুমারী’র নতুন যাত্রা, সবার ভালবাসা ও আশীর্বাদ কামনা করি।" 
ছবিতে বরুণ, জাহ্নবী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রোহিত সুরেশ সরফ, অক্ষয় ওবেরয়, মণীশ পাল-সহ আরও অভিনেতা-অভিনেত্রীদের।