বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়ার প্রেমকাহিনি বলিপাড়ার অন্যতম ওপেন সিক্রেট। তাঁদের সম্পর্কের রসায়ন প্রায়শই খবরের শিরোনামে থাকে। কখনও কোনও অনুষ্ঠানে একসঙ্গে হাজিরা দেওয়া, তো কখনও সমাজমাধ্যমে একে অপরের পোস্টে মিষ্টি মন্তব্য— ওঁদের প্রেম নজর কাড়ে সবারই। তবে এবার জাহ্নবী এমন এক কাণ্ড করে বসলেন, যা দেখে নেটপাড়ার ভক্তরা বলছেন, “একেবারে রিলেশনশিপ গোলস!”

সম্প্রতি নেট দুনিয়ায় জাহ্নবীর একটি অদ্ভুত কিন্তু মিষ্টি ছবি ভাইরাল হয়েছে, যেখানে ওঁর পরনের পোশাকের লেখাটি দেখে হেসেই খুন নেটিজেনরা।


গত শনিবার ‘বলিউড ইন্টারঅ্যাকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে জাহ্নবীর একটি ক্যাজুয়াল ছবি শেয়ার করা হয়। ছবিতে দেখা যাচ্ছে জাহ্নবী একটি গোলাপি রঙের নাইটস্যুট এবং ওপরে ধূসর হুডি পরে আছেন। তবে সবার চোখ আটকে যায় ওঁর নাইটস্যুটের ওপর লেখা একটি লাইনে। সেখানে প্রিন্ট করা রয়েছে, “ যদি হারিয়ে যাই, দয়া করে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দেবেন!”

 

 

প্রেমিকের প্রতি জাহ্নবীর এই আদুরে ও মজার প্রকাশ দেখে প্রশংসায় পঞ্চমুখ ওঁর ভক্তরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ‘হাউ কিউট’, ‘সো সুইট’ কিংবা ‘পারফেক্ট কাপল’-এর মতো মন্তব্য। জাহ্নবী এবং শিখর দীর্ঘদিন ধরে ডেট করলেও দু'জনের কেউই কখনও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। তবে আকারে-ইঙ্গিতে সে ব্যাপারে তাঁরা বারবার প্রমাণ দিয়েছেন। এর আগে জাহ্নবীর গলায় ‘শিখর’ নামের একটি লকেট ঝুলতে দেখা গিয়েছিল।

গত বছর কান চলচ্চিত্র উৎসবেও জাহ্নবীর ছায়াসঙ্গী হয়ে হাজির ছিলেন শিখর। সেখানেই জাহ্নবীর আগামী আন্তর্জাতিক ছবি ‘হোমবাউন্ড’ -এর প্রিমিয়ার হয়েছিল।শুধু তাই নয়, জাহ্নবীর যেকোনও নতুন ছবি রিলিজ হলেই শিখর সোশ্যাল মিডিয়ায় ওঁর অভিনয়ের প্রশংসা করতে ভুলবেন না। সম্প্রতি জাহ্নবীর নতুন ছবি ‘পেড্ডি’-র পারফরম্যান্স দেখেও মুগ্ধ হয়েছিলেন শিখর।


একদিকে যখন জাহ্নবীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে, অন্যদিকে ওঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পেড্ডি’ বক্স অফিসে ঝড় তুললেও জড়িয়েছে তীব্র বিতর্কে। বুচি বাবু সানা পরিচালিত এবং রাম চরণ অভিনীত এই প্যান-ইন্ডিয়ান ছবিটিতে জাহ্নবীর চরিত্রটিকে অতিরিক্ত মাত্রায় ‘যৌন উদ্দীপক’ হিসেবে দেখানোর কারণে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। জগপতি বাবু, শিব রাজকুমার, বোমান ইরানি এবং দিব্যেন্দুর মতো হেভিওয়েট কাস্ট থাকা সত্ত্বেও ছবিটির কিছু দৃশ্য নিয়ে দর্শকেরা তীব্র আপত্তি তোলেন।

সমালোচনার মুখে পড়ে ছবির পরিচালক বুচি বাবু সানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন। তিনি লেখেন, “একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি বিশ্বাস করি সিনেমা মানুষকে বিনোদন দেবে এবং অনুপ্রাণিত করবে, কাউকে অস্বস্তিতে ফেলবে না। যদি কোনও দৃশ্য দর্শককে আঘাত করে থাকে, তবে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

গত রবিবার, ১৪ই জুন ছবির সাকসেস মিটে পরিচালক নিশ্চিত করেন যে বিতর্কিত দৃশ্যগুলো সিনেমা থেকে পুরোপুরি এডিট করে বাদ দেওয়া হয়েছে। তবে এই সমস্ত বিতর্কের পরেও ‘পেড্ডি’ বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে এবং বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। জাহ্নবী কাপুর অবশ্য ওঁর পরবর্তী প্রজেক্ট নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।