মুক্তি পাওয়ার পর থেকেই ‘পেড্ডি’ ছবিটা চর্চায় রয়েছে, তবে সম্পূর্ণ অন্য কারণে। ছবিটিতে জাহ্নবী কাপুরের চরিত্রটিকে যেভাবে অতিরিক্ত যৌন আবেদনময়ী করে ফুটিয়ে তোলা হয়েছে, তা নিয়ে শুরুতেই অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই তীব্র সমালোচনার মাঝেই এবার একটি নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সমাজমাধ্যমে কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে যে জাহ্নবী নিজেই শুটিংয়ের সময় কিছু নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
সম্প্রতি জাহ্নবী কাপুরের ফ্যান ক্লাবগুলো কিছু স্ক্রিনশট এবং মেসেজ শেয়ার করেছে, যেগুলো নাকি অভিনেত্রী নিজেই তাদের পাঠিয়েছিলেন। এই চ্যাটগুলো থেকে জানা যাচ্ছে, নিজের চরিত্রের কিছু দৃশ্যের শুটিংয়ের ধরণ নিয়ে জাহ্নবী বারবার আপত্তি তুলেছিলেন। গত বছরের ৩০ অক্টোবর, ২০২৫-এর একটি ভাইরাল স্ক্রিনশটে জাহ্নবী দাবি করেন, শুটিংয়ের সময় কোন কোন ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করা যাবে না, তা তিনি আগেই পরিষ্কার করে বলে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “আমি ওকে বলেছিলাম বুকের খাঁজ ও কোমরের শট না নিতে।”
জাহ্নবী নাকি আরও জানান যে, এই বিষয়ে তাঁর সহ-অভিনেতা রাম চরণও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং হস্তক্ষেপ করেছিলেন। জাহ্নবী লেখেন, “আর রাম স্যার এতটাই মিষ্টি, তিনিও ওনাকে বকেছিলেন এবং বলেছিলেন যে ওর এরকম অ্যাঙ্গেল থেকে আর কখনও শট নেবেন না। তাই উনি মন খারাপ করেছিলেন।” এই চ্যাটগুলোর সূত্র ধরে জানা গেছে, জাহ্নবী এখানে ‘উনি’ বা ‘ওকে’ বলতে সিনেমার পরিচালক বুচি বাবু সানাকে বুঝিয়েছেন। এই মেসেজগুলো এখন নেটপাড়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার মূল কারণ হল, এটি প্রমাণ করে যে জাহ্নবীর চরিত্রটি নিয়ে এই আপত্তিগুলো সিনেমা তৈরির সময়ই তোলা হয়েছিল, যা এখন পর্দায় দেখে দর্শকরাও ক্ষোভ উগরে দিচ্ছেন।
দর্শকের ক্ষোভের আঁচ গিয়ে পড়েছে পরিচালকের কাছেও। পরিচালক এই বিষয়ে সমাজমাধ্যমে জানান, নারীদের অবমাননা করার কোনও উদ্দেশ্য তাঁদের ছিল না। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নারীদের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে, এই বিতর্ক ও ভাইরাল হওয়া স্ক্রিনশট নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি জাহ্নবী।















