'পেড্ডি' ছবিটি মুক্তি পাওয়ার পর চরম কটাক্ষের মুখে পড়েছিলেন জাহ্নবী কাপুর। তাঁর নাচের স্টাইল থেকে পোশাক সবটা নিয়েই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। এবার নতুন করে কোন বিতর্কে নাম জড়াল তাঁর? কেনই বা উঠেছে তাঁকে ব্যান করার দাবি?
'পেড্ডি' ছবিটির বিতর্কের রেশ ফিকে হওয়ার আগে নতুন কারণে কটাক্ষের মুখে পড়েছেন জাহ্নবী কাপুর। জানা গিয়েছে 'পেড্ডি' বিতর্কের মাঝেই অভিনেত্রীর কাছে একটি বিগ বাজেট হরর ছবির প্রস্তাব গিয়েছে। আর সেই ছবিটির পরিচালনা করবেন তুম্বাদ ছবিটির পরিচালক রাহি অনিল বার্বে। যদিও এখনও কিছুই পাকা হয়নি, সবটাই আলোচনার পর্যায় রয়েছে। কিন্তু তার মধ্যেই জাহ্নবী কাপুরকে এই ছবির প্রস্তাব দেওয়ার কারণে নেটিজেনরা বিস্তর ক্ষেপে গিয়েছেন।
'পেড্ডি' ছবিতে তাঁর পারফরমেন্স নিয়ে মোটেই খুশি নয় নেটপাড়া। তারপর একটি হরর ছবিতে তাঁকে কাস্ট করা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁকে কতটা মানাবে ছবিটিতে সেটা নিয়ে সন্দিহান দর্শকরা। তাঁদের মতে, জাহ্নবী কাপুরের বদলে অন্য কোনও অভিনেত্রীকে নিলে ভাল হবে।
শুধু তাই নয়, এই ক্ষেত্রে পুনরায় উঠে এসেছে নেপোটিজম বিতর্ক। জাহ্নবী বনি এবং শ্রীদেবীর মেয়ে বলেই এত সুযোগ পাচ্ছেন বলে দাবি নেটপাড়ার। এই জন্য অনেকেই তাঁকে সিনেমা থেকে ব্যান করার পক্ষে সওয়াল তুলেছেন।
তবে বিতর্কের মাঝেও যদি শেষ পর্যন্ত এই হরর ফিল্মের জন্য জাহ্নবী কাপুর চূড়ান্ত হন তবে বলাই বাহুল্য, এটি তাঁর কেরিয়ারকে একটা নতুন দিশা দেবে। আগেও তিনি নানা চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছেন, এবার সেটা আরও বেশি চ্যালেঞ্জিং এবং ডার্ক হবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'পেড্ডি' ছবিটিতে জাহ্নবী কাপুরের বিপরীতে ছিলেন রাম চরণ। বক্স অফিসে ইতিমধ্যেই ২০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। তবে আশা পারেখ থেকে শুরু করে জয়া বচ্চন সহ একাধিক তারকা এভাবে ছবিতে মহিলাদের অবজেক্টিফাই করায় প্রতিবাদে সরব হয়েছেন। দর্শকদের একাংশও বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি।















