লুকোছাপা নয়, বরং নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা জ্যাকি ভগনানি ও রকুল প্রীত সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সমীকরণ নিয়ে এক বিস্ফোরক ও মজার মন্তব্য করে ফের চর্চায় উঠে এলেন এই বলিউড দম্পতি। জ্যাকি মজার ছলে জানিয়েছেন, তিনি বর্তমানে রকুলের সঙ্গে একটি 'সিচুয়েশনশিপ'-এ রয়েছেন। তবে কি বিয়ের কয়েক বছরের মধ্যেই সম্পর্কের সংজ্ঞা বদলে গেল? না, বিষয়টি মোটেও তেমন নয়।
আসলে জ্যাকি এই শব্দটি ব্যবহার করেছেন অত্যন্ত ইতিবাচক অর্থে। তাঁর মতে, তাঁদের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনও সামাজিক তকমা বা বাধ্যবাধকতার চেয়েও মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। জ্যাকি জানান, "আমরা একে অপরের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত এবং প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমাদের মধ্যে এমন এক সহজ বন্ধুত্ব রয়েছে যে আমরা যেকোনও বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারি।"
সাধারণত 'সিচুয়েশনশিপ' শব্দটিকে নেতিবাচক বা জটিল সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা হলেও, জ্যাকি এখানে সম্পর্কের স্বাচ্ছন্দ্য বোঝাতে এটি ব্যবহার করেছেন। তিনি বিশ্বাস করেন, দম্পতিদের মধ্যে কোনও লুকোছাপা থাকা উচিত নয়। একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান দিয়েও কীভাবে সবথেকে ভাল বন্ধু হওয়া যায়, জ্যাকি-রকুল এখন সেই পথেই হাঁটছেন।

এই সাক্ষাৎকারে জ্যাকি আরও বলেন যে, রকুল তাঁর জীবনের সেই স্তম্ভ যার ওপর তিনি ভরসা করতে পারেন। বিয়ের পর জীবন অনেকটা বদলে গেলেও তাঁদের একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি একই আছে। রকুলের প্রশংসা করে অভিনেতা-প্রযোজক বলেন, রকুল খুবই বাস্তববাদী একজন মানুষ এবং তাঁর স্বচ্ছ চিন্তাধারা জ্যাকিকে মুগ্ধ করে।
বর্তমানে বলিউডের এই 'পাওয়ার কাপল' নিজেদের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন, সব কিছুকেই সমান তালে সামলাচ্ছেন। অনুরাগীরা এই জুটির এমন স্বচ্ছ এবং আধুনিক চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধেই ভাইরাল জ্যাকির এই মন্তব্য। সব মিলিয়ে, জ্যাকি ও রাকুলের এই মিষ্টি রসায়ন এখন নেটপাড়ার 'হট টপিক'।
প্রসঙ্গত, ২০২৪ সালে ধুমধাম করে প্রযোজক, অভিনেতা জ্যাকির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী রকুল। তাঁদের দাম্পত্য নিয়ে মাঝে নেতিবাচকতা ছড়িয়ে পড়লেও, একে অপরের কঠিন সময়ে পাশে থেকে তাঁরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের ভালবাসা অটুট।
















