গায়ক র‍্যাপার বাদশার সঙ্গে বিয়ের ছবি ভাইরাল হয়েছে ইশা রিখির৷ সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা বাদশা এবং ইশা রিখির বিয়ে নিয়ে৷ যদিও বহুদিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন কিন্তু কেউই এই বিষয় প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। 

 বাদশা তাঁর সঙ্গে এক রহস্যময়ী নারীর ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে, সেই থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন বাদশার হবু বৌ কে? ইশা রিখি না এই রহস্যময়ী নারী?  

ইশা রিখিকেও অনুরাগীরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেছেন৷ 'যা খুশি প্রশ্ন করুন' ( ask me anything) এই খেলায় ইশাকে এক অনুরাগী বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন৷ বাদশার সঙ্গে তাঁর কি বিয়ে হয়ে গিয়েছে? তাহলে আপনারা একে অন্যকে ইনস্টাগ্রামে ফলো কেন করছেন না?  এই ছিল প্রশ্ন৷ 

ইশা রিখি অনুরাগীর প্রশ্নের জবাবে জানান বাদশার সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে৷ কেন একে অন্যকে ইন্সটাগ্রামে ফলো করেন না? এই প্রশ্নের উত্তর পতিদেব অর্থাৎ বাদশা দিতে পারবেন৷ হাসির ইমোজির সঙ্গে ইশা বাদশাকে ট্যাগ করে লেখেন জনগণের প্রশ্ন আছে৷ 

ইশা রিখি কেন বাদশার সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি? এই প্রশ্নের উত্তরে ঈশা রিখি বাদশার কোলে বসে থাকাকালীন একটি মুহূর্ত শেয়ার করেছেন৷ 

 বিয়ের খবর আরও জোরালো হয়ে ওঠে যখন ২৪ মার্চ ইশার মা পুনম রিখি সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেন। ছবিগুলিতে বাদশা ও ইশাকে একসঙ্গে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। সেই পোস্টের পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে৷ এরই মধ্যে বাদশাহ নিজের ইনস্টাগ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে দেওয়া রহস্যময় ক্যাপশন ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। 

অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি ইশা রিখি নন, অন্য কেউ রয়েছেন বাদশাহর জীবনে? যদিও এ বিষয়ে গায়ক সরাসরি কোনও মন্তব্য করেননি।

ইশা রিখি পঞ্জাবি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। ২০১৩ সালে অভিনয়ে আত্মপ্রকাশের পর একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। পরে বলিউডেও পা রাখেন। অন্যদিকে বাদশা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় র‍্যাপার ও সুরকার। এর আগে ২০১২ সালে জ্যাসমিন মাসিহকে বিয়ে করেছিলেন তিনি। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে।