বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-এর সভাপতি পদ নিয়ে সম্প্রতি বিভ্রান্তি তৈরি হয়েছে। সমাজমাধ্যম এবং বিভিন্ন মহলে খবর ছড়িয়ে পড়ে, ইম্পার নতুন সভাপতি করা হয়েছে কৃষ্ণ নারায়ণ দাগাকে। তবে সেই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন ইম্পার সদস্য তথা পরিবেশক শতদীপ সাহা।
একটি লিখিত বিবৃতিতে শতদীপের বক্তব্য, কৃষ্ণ দাগাকে ইম্পার সভাপতি করা হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, তার কোনও সত্যতা নেই। কোনও তথ্য পোস্ট বা 'ফরোয়ার্ড' করার আগে অবশ্যই তা যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
শতদীপের জানিয়েছেন, গত ২২ মে অনুষ্ঠিত ইম্পার সাধারণ সভায় সংগঠনের অন্তর্বর্তী সভাপতি হিসেবে রতন সাহা-কে নির্বাচিত করা হয়। ওই সভায় ৩০০-রও বেশি সদস্য উপস্থিত ছিলেন এবং তাঁদের সম্মতিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে বর্তমানে ইম্পার অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করছেন রতন সাহা।
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে সিনে ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে বিপুল বদল। পুরনো সবকিছুকে বদলে নতুনভাবে বিনোদন জগৎকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে টলিপাড়ার একাংশ। ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন অনেকেই। প্রযোজকদের একটি বড় অংশ পিয়া সেনগুপ্তের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে তাঁর অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন। বিবাদ এমন চরমে পৌঁছায় যে, বিক্ষুব্ধ গোষ্ঠীটি কার্যত বিদ্রোহ ঘোষণা করে রাতারাতি প্রবীণ প্রদর্শক ও প্রযোজক রতন সাহাকে সংগঠনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে চেয়ারে বসিয়ে দেয়।
শেষমেশ গত ১৩ জুলাই ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’ তথা ইম্পা-র সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন পিয়া সেনগুপ্ত। এরই মধ্যে ইম্পার নতুন সভাপতি নাম ঘিরে বিভ্রান্তি ছড়ায়।
















