থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হয় অভিনেত্রী রায়তি ভট্টাচার্যের। সমাজমাধ্যমের পাতায় বিভিন্ন বিষয়ে মন্তব্য করায়, নেটিজেনদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। এরপর শুরু হয় তাঁর বাংলা ছবির জগতে পথ চলা। এরপর একে একে ছবি ও সিরিজের মাধ্যমে বিনোদন জগতে তাঁর এগিয়ে চলা। এবার রায়তি দ্বিতীয়বার পরিচালকের আসনে। আগে নিজের পরিচালনায় কাজ করলেও এবার গুছিয়ে নিয়েছেন আগের থেকে।
অতনু ঘোষের গল্প অবলম্বনে আসছে তাঁর ছোট ছবি 'আলাদা মানুষ।' এই গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায় ও শতদীপা সরকার। রায়তির পরিচালনায় এই গল্প দেখা যাবে, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর রোহিত ও সঙ্ঘমিত্রা প্রথমবার দেখা করে। আপাতভাবে সব ঠিক থাকলেও অতীতের একটা অস্বস্তিকর ঘটনা তাদের মাঝে এসে পড়ে। মুহূর্তে পাল্টে যায় সব সমীকরণ। কী হয় তারপর? সেই উত্তর খুঁজবে এই ছবি। এই ছবির মাধ্যমে আরও একবার ভিন্ন স্বাদের চরিত্রে ধরা দিতে চলেছেন ইন্দ্রাশিস।
আজকাল ডট ইন-কে রায়তি জানান, ইতিমধ্যেই তিনি তাঁর দ্বিতীয় পরিচালনার শুটিং শেষ করেছেন। এর আগে নিজের পরিচালনায় রায়তি তৈরি করেছিলেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। নাম 'অসমাপ্ত'। এই ছবিতে নিজেই অভিনয় করেছিলেন তিনি। সাত মিনিটের এই ছোট ছবিটির ক্যামেরা থেকে এডিট সবটাই একা হাতে সামলেছিলেন অভিনেত্রী। মোবাইল ফোনেই হয়েছে শুটিং। ছবির গল্পে এক বন্ধুত্বের জটিলতাকে ফুটিয়ে তুলেছেন তিনি। গল্পে তাঁর চরিত্রের নাম ছিল 'শ্রীতমা'।সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অষ্টম তম বর্ষে মনোনয়ন পেয়েছিল রায়তির এই ছোট ছবিটি।
















