হ্যাপি নিউ ইয়ার নিয়ে এই প্রজন্মের যেমন উৎসাহ একসময় নববর্ষে বাঙালির ঘরে ছিল উৎসবের আনন্দ৷ নতুন বছর মানেই স্নান সেরে বাড়ির বয়ঃজ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া আর তারপর এলাহি খাবারের আয়োজন৷ মাছ মিষ্টি লুচি পোলাও মিলে এককথায় এসো বসো আহারে৷ 

সেই সময় কেমন ছিল বাঙালির পয়লা বৈশাখ? সেই উত্তর খুঁজতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেনের সঙ্গে। ছোটবেলা থেকে বিয়ের পরের জীবন, সবই ছুঁয়ে গেলেন স্মৃতিকথায়। 

ইন্দ্রাণী সেন বলেন, "ছোটবেলায় পয়লা বৈশাখ মানেই ছিল নতুন জামা। তখন নতুন জামা পরার একটা আলাদাই আনন্দ। আমাদের যৌথ পরিবার৷ কাকা, কাকিমা, পিসি, পিসেমশাই তাঁদের ছেলেমেয়েরা সকলে একসঙ্গে আসতেন আমাদের বাড়ি। তখন ঠাকুমা বেঁচে ছিলেন। সকালে জলখাবারে ফুলকো লুচি, বেগুনভাজা, ছোলার ডাল খাওয়া হত৷ বিরাট একটা খাওয়া দাওয়ার আয়োজন হত৷ এখনও মনে আছে সকলে একসঙ্গে বসে খাওয়া, গল্প হইচই হত৷  বিকালবেলা সিনেমা দেখতে যাওয়া হত৷ কাকারা আমাকে সিনেমা দেখতে নিয়ে যেত৷" 

নববর্ষ মানেই বাড়ির বড়দের শাসন একটু আলগা, একটুখানি স্বাধীনতা আর ইচ্ছেপূরণ৷ নববর্ষের দিন সিনেমা দেখা নিয়ে গায়িকার বিশেষ স্মৃতি,  ইন্দ্রাণী সেন জানালেন, "আমার প্রথম বালিকা বধূ দেখা শিয়ালদহের প্রাচী হলে, কাকার সঙ্গে।" 

 দক্ষিণ কলকাতায় চলে আসার পরে নববর্ষের মেজাজ কিছুটা বদল হল৷ কাকার সঙ্গে সিনেমা দেখার বদলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই নববর্ষের আনন্দ৷  "তখন পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে নববর্ষের বিকালে একটু ঘুর‍তে বেরোতাম।" সংযোজন ইন্দ্রাণী সেনের৷ 

কথা প্রসঙ্গে মায়ের গানের দল 'ত্রিবেণী'-র কথাও জানালেন ইন্দ্রাণী সেন। নববর্ষের দিন 'ত্রিবেণী'র ছাত্রছাত্রীরা মিলে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে গানবাজনা খাওয়া দাওয়া হত৷ নববর্ষের আগের দিন থেকেই উৎসবের আমেজ। ইন্দ্রাণী বলেন, "নববর্ষের আগের দিন গাজন হত৷ বাজনা বাজাতে বাজাতে শিব দুর্গা সেজে সব যেত৷ আমরা দেখতাম দরজায় দাঁড়িয়ে৷"

ইন্দ্রাণী বলেন, "বিয়ের পর কালীঘাটে থাকতাম যখন, বাড়ির পাশেই মন্দির৷ নববর্ষের দিন মন্দিরে লম্বা লাইন পড়ত৷ দোকানের জন্য হালখাতা করতে আসতেন সকলে৷ হালখাতা উৎসবে নিমন্ত্রণ আসত৷ গেলে একটা মিষ্টির প্যাকেট আর একটা করে বাংলা ক্যালেন্ডার দিত৷ বিয়ের পরে নববর্ষের বিকালে আসতাম মায়ের কাছে৷ খাওয়াদাওয়া হত৷" 

যৌথ পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের কাছে নববর্ষ মানে সিনেমা দেখা, আর বিয়ের পর নববর্ষ মানে মায়ের কাছে ফেরা। বাঙালির আনন্দ আবেগ আর ভরপুর বাঙালিয়ানার একচিলতে ছবি ইন্দ্রাণী সেনের স্মৃতিতে৷