সম্প্রতি দারুণ জল্পনা রটেছিল, এই বছর বিধানসভা নির্বাচনের আগে নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন ইমন চক্রবর্তী। শুধু তাই নয়, তিনি নাকি প্রার্থীও হবেন এবার। এও রটে যায়, বালি বিধানসভা কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন ইমন চক্রবর্তী। যদিও তিনি আজকাল ডট ইনকে আগেই জানিয়েছিলেন, এসবই স্রেফ জল্পনা। এবার তাতেই সিলমোহর পড়ল।
মঙ্গলবার, ১৭ মার্চ ঘোষণা হল তৃণমূল কংগ্রেসের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। আর সেখানে নাম নেই ইমন চক্রবর্তীর। তারপর এদিন সমাজমাধ্যমে মুখ খুললেন গায়িকা।
ইমন চক্রবর্তী তাঁর পোস্টে লেখেন, 'বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন।' তিনি এদিন আরও লেখেন, ' এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের প্রচারের গান গাওয়ার পরই এই জল্পনা রটে যে ইমন চক্রবর্তী এবার নাকি প্রার্থনা হচ্ছেন। শুধু তাই নয়, এই বছরের বঙ্গবিভূষণ পেয়েছেন তিনি। ফলে সবটা মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করেছিলেন অনেকে। তবে এদিন স্পষ্ট হয়ে গেল, গানের ময়দানে তিনি থাকলেও, ভোটের ময়দানে নেই।
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক। গতবারের তুলনায় তারকা প্রার্থীর সংখ্যা চোখে পড়ার মতো কম। কে কোথায় প্রার্থী হলেন দেখে নিন। ব্যারাকপুরে আবারও প্রার্থী হলেন রাজ চক্রবর্তী। রাজারহাটেও অদিতি মুন্সি থাকলেন বিধায়ক হওয়ার দৌড়ে। তবে উত্তরপাড়া হাতছাড়া হল কাঞ্চন মল্লিকের হাত থেকে। বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হওয়ার দৌড়ে আবারও সামিল থাকলেন। করিমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সোহম চক্রবর্তী। ভাঙ্গর থেকে লাভলি মৈত্র প্রার্থী হলেন। চন্দননগর থেকে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট পেলেন গায়ক ইন্দ্রনীল সেন।
অন্যদিকে কেবল ইমন নন, এমন আরও একাধিক তারকা টিকিট পেলেন না যাঁদের নাম চর্চায় ছিল। জল্পনা ছিল এই বার পরমব্রত চট্টোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং প্রার্থী হবেন, কিন্তু সেটা যে কেবলই রটনা সেটা এদিন স্পষ্ট হয়ে গেল। এমনকী তৃণমূল কংগ্রেসের প্রচার ভিডিওতে অঙ্কুশ হাজরাকে দেখা যাওয়ার পর তাঁরও নাম জল্পনায় ঘোরাফেরা করতে থাকে। কিন্তু তিনিও প্রার্থী হলেন না। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া পার্নো মিত্রও টিকিট পেলেন না।
