২০২৬ সালের নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে জল্পনা শুরু হয় যে ইমন চক্রবর্তী নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। টিকিট পাচ্ছেন। যদিও প্রার্থী তালিকা ঘোষণার পর সেই জল্পনার অবসান হয়। এমনকী গোটা বিষয় নিয়ে মুখ খুলেছিলেন খোদ গায়িকাও। কিন্তু মাসখানেকের মধ্যেই চিত্রটা বদলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে প্রচারে করলেন ইমন। 

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানেই ইমন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মঞ্চ থেকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, তিনি গানও করেন। এদিন মঞ্চ থেকে ইমন চক্রবর্তীকে বলতে শোনা যায়, 'আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে দিদি, সরকারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যা সম্মান পেয়েছি সেটা আমার শিরোধার্য।  দিদি যেখানে আমি সেখানে। রবি ঠাকুর আমাদের সকলেরই। আমরা সকলেই যাপন করি রবি ঠাকুরকে। তাই রবি ঠাকুরের একটা গান দিদির জন্য। যে মানুষ একা হাতে রাজ্যকে সামনে থেকে নেতৃত্বে  দেন, যাঁকে আমরা সকলে অনুসরণ করি তাঁর জন্য তো একটা গান হতেই হবে।' 

এদিন খালি গলায় ইমন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'যদি তোর ডাক শুনে' কেউ গানটি গান। পাশে দাঁড়িয়ে দলনেত্রী তালে তালে হাততালি দেন। ইমনের গানের সুরে মজে ওঠেন সকলে। গান শেষে মঞ্চ ছাড়ার আগে ইমন চক্রবর্তী বলেন, 'আমার খুব আনন্দ হয়, শান্তি পাই যে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে।' এদিনের প্রচারে গায়িকা একটি সাদা কুর্তি, ওড়না পরে এসেছিলেন। 

https://www.instagram.com/reels/DXhh5UpAUKA/

প্রসঙ্গত, চলতি বছরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর ইমন সমাজমাধ্যমে লেখেন, 'বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন।' তিনি এদিন আরও লেখেন, ' এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)