আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
অন্ধকারকে ভয় করি না: কেন বললেন দিলজিৎ?
ওটিটি প্ল্যাটফর্ম থেকে 'সতলুজ' সরিয়ে দেওয়ার পর প্রথমবার মুখ খুললেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "আমি অন্ধকারকে ভয় করি না"। তাঁর এই সংক্ষিপ্ত বার্তা ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জসওয়ন্ত সিং খালরার জীবন অবলম্বনে তৈরি এই ছবিটি দীর্ঘ সেন্সর জটিলতার পর ওটিটিতে মুক্তি পেয়েছিল। তবে মুক্তির মাত্র দু'দিনের মধ্যেই ছবিটি ভারত থেকে সরিয়ে নেওয়া হয়। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে দিলজিৎ ইঙ্গিত দেন, সত্যকে চেপে রাখা সম্ভব নয়। তাঁর মতে, অন্ধকার যতই গভীর হোক, সত্য একদিন না একদিন সামনে আসবেই। 'সতলুজ' ছবিটি গত কয়েক বছর ধরে নানা বাধার মুখে পড়েছিল। সেন্সর বোর্ডের আপত্তি, মুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং একাধিক বিতর্কের পর অবশেষে ছবিটি ওটিটিতে মুক্তি পায়। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি সরিয়ে নেওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে মতপ্রকাশের স্বাধীনতা এবং সৃজনশীলতার পরিসর নিয়ে।
মেহেন্দিতে অংশুলার ধন্যবাদ জাহ্নবী-খুশিকে
বিয়ের আগে নিজের মেহেন্দি অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অংশুলা কাপুর। ছবির সঙ্গে তিনি একটি আবেগঘন নোটও লেখেন। সেখানে জানান, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর তাঁর জন্য গোপনে এই বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন, যার কিছুই তিনি আগে জানতেন না। অংশুলা লেখেন, দুই বোনের এই ভালবাসা ও যত্ন তাঁকে ভীষণ আবেগপ্রবণ করেছে। তাঁদের চমক সারাজীবন মনে রাখবেন বলেও জানান তিনি। মেহেন্দির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের একাধিক সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। নীল রঙের ঐতিহ্যবাহী পাটোলা লেহেঙ্গায় অংশুলার লুকও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
'আলফা'কে ঘিরে ট্রোলিংয়ের মাঝেই আলিয়ার পাশে করণ জোহর
আলিয়া ভাট অভিনীত নতুন ছবি 'আলফা' মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও চলছে। এই পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন পরিচালক-প্রযোজক করণ জোহর। ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, "Please relax" (একটু শান্ত হন)। করণের মতে, ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে এবং বক্স অফিসেও ভাল ফল করছে। তাই অযথা নেতিবাচক মন্তব্য না করে ছবিটিকে সময় দেওয়ার পরামর্শ দেন তিনি। করণের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। একাংশ তাঁর বক্তব্যকে সমর্থন করলেও, অন্যরা ট্রোলিং অব্যাহত রেখেছেন।















