আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

এবার হলিউডে হৃতিক রোশন?

বলিউডের পর এবার হলিউড কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন হৃতিক রোশন! সূত্রের খবর, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের পর এবার আন্তর্জাতিক স্তরে নিজের অভিনয়ের জাদু ছড়াতে তৈরি হচ্ছেন তিনি। সম্প্রতি বলিউডের ‘গ্রিক গড’ আমেরিকার অন্যতম নামী ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘রেঞ্জ মিডিয়া পার্টনার্স’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই এজেন্সিটি অস্কারজয়ী ছবি এবং হলিউডের প্রথম সারির তারকাদের কাজ পরিচালনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। হৃতিকের এই পদক্ষেপের পর বিনোদন মহলে জল্পনা তুঙ্গে, খুব শীঘ্রই হয়তো কোনো বড় হলিউড প্রজেক্টে দেখা যেতে চলেছে তাঁকে।

আইনি বিপাকে তিন কমেডিয়ান

স্ট্যান্ড-আপ কমেডি শো-র নামে মহিলাদের অসম্মান এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এবার বড়সড় আইনি বিপাকে পড়লেন তিন কন্টেন্ট ক্রিয়েটর।  প্রনীত মোরে, হিমাংশু জাঙ্গরা এবং ডক্টর সেজল পওয়ার। সোশ্যাল মিডিয়ায় তাঁদের রসিকতার ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনায় মহারাষ্ট্র সাইবার পুলিশ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একইসঙ্গে জাতীয় মহিলা কমিশন বিষয়টিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। 

ঋষি কাপুরের জন্য অভিনয়ে আসতে পারেননি ঋদ্ধিমা? 

বলিউডের অন্যতম প্রভাবশালী এবং ঐতিহ্যবাহী পরিবার হল কাপুর পরিবার। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে একটি গুঞ্জন প্রচলিত রয়েছে যে, ওই পরিবারের মেয়েদের সিনেমায় অভিনয় করার অনুমতি দেওয়া হয় না। তবে এবার এই বহু পুরনো বিতর্ক ও ধারণা নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের কন্যা রিদ্ধিমা কাপুর সাহানি। তিনি সাফ জানিয়েছেন, তাঁর বাবা কখনই তাঁকে অভিনয়ে আসার ক্ষেত্রে বাধা দেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরের দিদি পরিবারের তথাকথিত ‘নিয়ম’ নিয়ে কথা বলেন। তিনি জানান, অনেকেই মনে করেন কাপুর পরিবারের মেয়েরা ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারে না বা তাদের সিনেমা করার অনুমতি নেই, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। তিনি স্পষ্ট করেন যে, যদি তিনি নিজে থেকে বলিউডে কেরিয়ার গড়তে চাইতেন, তবে তাঁর বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর তাঁকে সাহায্য করতেন এবং পূর্ণ সমর্থন জানাতেন।