বলিউডের ‘গ্রিক গড’ তিনি। দু'দশক আগে তাঁর এক ইশারায় নেচে উঠেছিল গোটা দেশ। সেই হৃতিক রোশন আবারও দর্শকদের ফিরিয়ে নিয়ে গেলেন নস্টালজিয়ার অতলে। সম্প্রতি রাজস্থানের সূর্যগড়ে এক জাঁকজমকপূর্ণ বিয়ের আসরে তাঁর প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’-এর টাইটেল ট্র্যাকের সেই আইকনিক হুকস্টেপটি রিক্রিয়েট করেন অভিনেতা। ঘিয়ে রঙের কুর্তা-পাজামায় হৃতিক যখন অতিথিদের মাঝে তাঁর সেই চিরচেনা ছন্দে পা মেলালেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। ভক্তদের দাবি, ৫২ বছর বয়সেও হৃতিকের সেই নাচের সাবলীলতা আজও অমলিন।
Hrithik Roshan the dancer >>>
— Pan India Review (@PanIndiaReview)
Bro wasting his peak potential 😓 pic.twitter.com/5iEGTshjrzTweet by @PanIndiaReview
তবে কেবল উদযাপন করার ক্ষেত্রে আলাদা ধরন নয়, ব্যক্তিগত জীবনেও হৃতিক আর পাঁচজন তারকার থেকে আলাদা। তাঁর কনিষ্ঠ পুত্র হৃদানের ১৮ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। সেই বিশেষ দিনে ছেলের জন্য নিজের লেখা একটি কবিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা। ২০২১ সালে লেখা সেই কবিতাকে অডিও ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করে হৃতিক তাঁর ‘শান্ত যোদ্ধা’ বা পিসফুল ওয়ারিয়র ছেলের উদ্দেশে লিখেছেন এক দীর্ঘ বার্তা। হৃতিক লেখেন, “শুভ ১৮তম জন্মদিন হৃদান। আমি কোনও কবি নই, তবুও তোমার জন্য লেখা এই কথাগুলো বারবার বলতে চাই। তোমার চোখের শান্ত স্বভাবের আড়ালে যে জ্বলন্ত আগুন আর চারিত্রিক দৃঢ়তা আছে, তা আমাকে বারবার অবাক করে। বিশ্ব তোমাকে পরীক্ষা করবে, কিন্তু আমি জানি তুমি তা জয় করবেই।” হৃতিকের এই বার্তায় বাবার স্নেহের পাশাপাশি এক যোদ্ধার প্রতি অন্য এক যোদ্ধার সম্মান ফুটে উঠেছে।
পেশাগত জীবনেও হৃতিককে নিয়ে জল্পনার অন্ত নেই। বিশেষ করে ‘ডন ৩’ ছবিতে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে রটনা তৈরি হয়েছিল, তা নিয়ে এবার সোজাসুজি মুখ খুললেন অভিনেতা। শাহরুখ খান ও রণবীর সিংয়ের পর ডন-এর জুতোয় কি এবার হৃতিক পা গলাতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা সাফ জানিয়েছেন, ‘ডন ৩’-এর জন্য নির্মাতারা তাঁর সঙ্গে কোনো যোগাযোগই করেননি। মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি অনুরোধ করেন যেন কোনো ভিত্তিহীন খবর না ছড়ানো হয়। রণবীর সিংয়ের প্রজেক্ট থেকে সরে যাওয়া এবং প্রযোজক সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তৈরি হওয়া আইনি জটিলতা নিয়ে যখন বলিউড উত্তাল, তখন হৃতিকের এই মন্তব্য জল্পনায় ইতি টানল।
















