নিট আন্দোলনকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা হৃতিক রোশন। কোনও মন্তব্য না করেই তিনি একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিলে লাইক করেছেন। আর সেই লাইক ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

ভাইরাল হওয়া রিলটিতে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, একটি মার্কেটিং এজেন্সি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। ই-মেলের মাধ্যমে তাঁকে প্রস্তাব দেওয়া হয়, সম্প্রতি যে নিট আন্দোলন চলছে সেবিষয়ে নিজেকে একজন সাধারণ ছাত্র বা ছাত্রী হিসেবে তুলে ধরে সরকারের সমর্থনে দুটি ইনস্টাগ্রাম রিল বানাতে হবে। এই কাজের জন্য তাঁকে ৪০ হাজার টাকা দেওয়ার অফারও করা হয়েছিল বলে দাবি করেন ওই ইনফ্লুয়েন্সার।

ইনফ্লুয়েন্সারের আরও অভিযোগ, ভিডিওগুলি এমনভাবে বানাতে বলা হয়েছিল যাতে দর্শকদের মনে হয়, তিনি সত্যিই একজন ছাত্র এবং নিজের ইচ্ছায় সরকারের পক্ষে মত প্রকাশ করছেন। অর্থাৎ ভিডিওটি যেন কোনও প্রচারমূলক কনটেন্ট বলে মনে না হয়।

তবে ওই ইনফ্লুয়েন্সার জানান, তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি। বরং বিষয়টি সকলের সামনে আনতে সোশ্যাল মিডিয়ায় সেই ই-মেলের স্ক্রিনশট এবং পুরো ঘটনার বিবরণ শেয়ার করেন। এরপরই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তা দেখতে শুরু করেন।

এই ভাইরাল পোস্টেই লাইক করেন হৃতিক রোশন। তাঁর লাইক নজরে আসতেই নেটিজেনদের একাংশ মনে করেন, অভিনেতা হয়তো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। আবার অন্যদের মতে, কোনও পোস্টে লাইক করলেই সেই পোস্টের সব দাবি সমর্থন করা হচ্ছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত হৃতিক এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেননি। তিনি কেন পোস্টটিতে লাইক করেছেন, সে সম্পর্কেও কিছু জানাননি। অন্যদিকে, ভাইরাল রিলে করা অভিযোগেরও এখনও স্বাধীনভাবে বা সরকারি স্তরে সত্যতা যাচাই হয়নি। ফলে ইনফ্লুয়েন্সারের দাবি সত্য কিনা, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

বর্তমানে নিট আন্দোলন দেশজুড়ে বড় আলোচনার বিষয়। পরীক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি এবং ছাত্রদের দাবি নিয়ে প্রতিদিনই নানা তথ্য, ভিডিও ও পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে হৃতিক একটি লাইকও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তবে কোনও ভাইরাল পোস্ট বা সোশ্যাল মিডিয়ার দাবি সত্য বলে ধরে নেওয়ার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। কারণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্যই যে নির্ভুল হবে, এমন কোনও নিশ্চয়তা নেই।