১০ জুন বহুল প্রতীক্ষিত যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’-র টিজার রিলিজ হতেই নেটপাড়া তোলপাড়। ১ মিনিট ৫৫ সেকেন্ডের এই টিজারে আলিয়া ভাট-এর দুর্ধর্ষ অ্যাকশন অবতার এবং ওঁর মেন্টর তথা বাবার চরিত্রে ববি দেওল -এর পারফরম্যান্স দর্শকদের গায়ের লোম খাড়া করে দিয়েছে। তবে এই টিজার মুক্তির পর দুটি বিষয় নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে তুমুল চর্চা শুরু হয়েছে— প্রথমত, ছবির অন্যতম প্রধান নায়িকা শর্বরী ওয়াঘ-এর টিজারে অনুপস্থিতি, এবং দ্বিতীয়ত, এই ছবির সঙ্গে যশ চোপড়ার কনিষ্ঠ পুত্র উদয় চোপড়ার এক অবিচ্ছেদ্য সংযোগ!

হ্যাঁ, ঠিকই শুনছেন। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির ‘আলি’ খ্যাত অভিনেতা উদয় চোপড়া এবার এক সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কামব্যাক করছেন বলিউডের এই মেগা প্রজেক্টে। ‘আলফা’ ছবির মূল গল্পটি খোদ উদয় চোপড়ার মস্তিষ্কপ্রসূত!

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার ছেলে এবং যশ রাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়ার ছোট ভাই হলেন উদয় চোপড়া। অভিনেতা হিসেবে ওঁর কেরিয়ারে খুব একটা জবরদস্ত না হলেও, ক্যামেরার পেছনে ওঁর লেখনীর হাত কিন্তু বেশ প্রশংসিত হয়েছিল। তবে দীর্ঘ ১৬ বছর তিনি সিনেমার স্ক্রিপ্ট রাইটিং বা গল্প লেখা থেকে পুরোপুরি দূরে ছিলেন।

 

 

উদয় চোপড়া শেষবার পেন ধরেছিলেন ২০১০ সালে। সে বছর ওঁর লেখা রোমান্টিক কমেডি-ড্রামা ‘প্যায়ার ইম্পসিবল!’ মুক্তি পেয়েছিল, যেখানে তিনি নিজে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয়ও করেছিলেন। বক্স অফিসে ছবিটি সফল না হওয়ার পর থেকেই ধীরে ধীরে লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নেন উদয়। অবশেষে দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ওয়াইআরএফ-এর অন্যতম সেরা ও বিগ-বাজেট স্পাই থ্রিলারের গল্পকার হিসেবে ওঁর এই রাজকীয় প্রত্যাবর্তন ফ্যানদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

টিজারের প্রথম ঝলকে দেখা যাচ্ছে, আলিয়া ভাটের ১৮তম জন্মদিনের কেক কাটার মিষ্টি মুহূর্ত। কিন্তু নিমেষের মধ্যে সেই সেলিব্রেশন বদলে যায় এক রুদ্ধশ্বাস মিশনে, যখন বাবা ববি দেওল মেয়ের হাতে একটি হোটেলের ঘরের চাবি তুলে দিয়ে ওঁর প্রথম টাস্ক বা অ্যাসাইনমেন্টের নির্দেশ দেন।আসলে ‘আলফা’ হল একটি অত্যন্ত গোপন ও হাইলি ক্লাসিফাইড প্রোগ্রাম, যেখানে দেশের পরবর্তী প্রজন্মের সেরা ও এলিট সৈন্যদের তৈরি করা হয়। ছোটবেলা থেকেই ববি দেওলের কড়া ও নিষ্ঠুর ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে সাধারণ ‘সীতা’ হয়ে উঠল দেশের অন্যতম মারাত্মক গুপ্তচর— সেই গল্পই পর্দায় বুনেছেন উদয় চোপড়া।


ছবির টিজারে আলিয়া ও ববি দেওলের রসায়ন জমজমাট হলেও, ছবির অন্যতম মূল চালিকাশক্তি শর্বরী ওয়াঘ-কে একটি ফ্রেমের জন্যও না দেখানোয় ভক্তদের মনে কৌতূহল দানা বেঁধেছে। অনেকের অনুমান, শর্বরীর চরিত্রটিকে এখনই সামনে না এনে মেকার্সরা বড় কোনও  টুইস্ট ধরে রাখতে চাইছেন।


সিনেমার খুঁটিনাটি                  বিবরণ 


পরিচালক                            শিব রাওয়াইল 

মূল গল্প                               উদয় চোপড়া 

চিত্রনাট্য                              সৌমিল শুক্লা এবং শ্রীধর রাঘবন

মুক্তির তারিখ                        ৩রা জুলাই, ২০২৬


‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ এবং সদ্য মুক্তি পাওয়া ‘ওয়ার ২’-এর পর ‘আলফা’ হতে চলেছে এই স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি। এবার উদয় চোপড়ার গল্পে আলিয়া-শর্বরীর এই যুগলবন্দী আগামী ৩রা জুলাই বক্স অফিসে কতটা সুনামি তোলে, সেটাই দেখার।