১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত নতুন ছবি ‘কর্তব্য’। আর এই ছবির প্রযোজক স্বয়ং শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ‘কর্তব্য’ ছবির হাত ধরে দীর্ঘ সময় পর শাহরুখ-সইফ জুটির এই সংযোগ বি-টাউনে নতুন করে চর্চা বাড়িয়ে দিয়েছে। ঠিক এই আবহেই 'কিং' খানের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের খতিয়ান টানতে গিয়ে এক বিস্ফোরক ও মজাদার তথ্য ফাঁস করলেন সইফ। জানালেন, ২০ বছর আগে শাহরুখের সাধের ছবি ‘ম্যায় হুঁ না’-তে একটি বড় চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে পরিচালকের আপত্তিতে তা হাতছাড়া হয়।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সইফ আলি খান জানান, শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর কাছে আরও আগেই এসেছিল। পুরোনো স্মৃতি হাতড়ে সইফ বলেন,“শাহরুখ একবার আমাকে একটা ছবির জন্য ডেকেছিল, যা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। ও আমাকে ‘ম্যায় হুঁ না’র জন্য ফোন করে বলেছিল যে ছবিতে একটা দারুণ চরিত্র আছে। কিন্তু পরে ফারহা (পরিচালক ফারহা খান) আমাকে ফোন করে সোজা বলে দিল, ‘না, না, না!’”

সইফ যদিও খোলসা করেননি তাঁকে কোন চরিত্রটি অফার করা হয়েছিল, তবে অনুরাগীদের অনুমান— ছবিতে লক্ষণ ওরফে ‘লাকি’ (যে চরিত্রে পরে জায়েদ খান অভিনয় করেছিলেন)-র রোলটিই প্রথমে সইফকে দেওয়ার কথা ভেবেছিলেন শাহরুখ। নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় সইফ আরও যোগ করেন, “আমার বোধহয় এই সব কথা এভাবে বলা উচিত নয়, কিন্তু আমি একটু বেশিই সত্‍। এই খবরটা নিয়েই নির্ঘাত এখন প্রচুর আলোচনা হবে! তবে হ্যাঁ, রেড চিলিজ সত্যিই দারুণ প্রযোজনা সংস্থা।”


‘কর্তব্য’ ছবির ট্রেলার লঞ্চে এবং সম্প্রতি দেওয়া একাধিক সাক্ষাৎকারে প্রযোজক শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেছেন সইফ। তাঁর মতে, শাহরুখ ছবিতে টাকা ঢাললেও পরিচালক বা ক্রিয়েটিভ টিমকে নিজের মতো করে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেন। সইফের কথায়,  “প্রযোজক হিসেবে শাহরুখ কখনও সেটে নিজের উপস্থিতি জাহির করেন না। এই ছবিটা সম্পূর্ণভাবে পরিচালক পুলকিত নিজের মতো করে বানিয়েছেন এবং রেড চিলিজ তাঁকে সেই জায়গা দিয়েছে।” সইফ আরও বলেন, “রেড চিলিজ যেভাবে চিত্রনাট্য বা টিম বাছাই করে, তা সত্যিই আকর্ষণীয়। সিনেমার প্রতি শাহরুখের যে একটা বিশাল ভালবাসা আছে, সেটা ওঁর প্রজেক্টগুলোর দিকে তাকালেই বোঝা যায়।”

 

 

শাহরুখের কথাতেই এই ছবির চিত্রনাট্য শুনেছিলেন এবং পরিচালকের সঙ্গে দেখা করেছিলেন সইফ। সিনেমাটি সম্পূর্ণ হওয়ার পর শাহরুখ নিজে সইফকে ফোন করে জানান যে সিনেমাটি চমৎকার তৈরি হয়েছে।

আজ ১৫ মে মুক্তি পাওয়া এই ড্রামা-থ্রিলার ছবিতে সইফ আলি খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রসিকা দুগল, জাকির হুসেন, সঞ্জয় মিশ্র এবং মণীশ চৌধুরীকে। বহু বছর পর ‘কাল হো না হো’ জুটির এই অফ-স্ক্রিন রসায়ন বক্স অফিসে কতটা ম্যাজিক দেখায়, এখন সেটাই দেখার।