আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
হিনা-শিল্পার একে অপরকে কটাক্ষ
সম্প্রতি শিল্পা শিন্ডে স্বীকার করেন, ২০১৬ সালে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে তাঁর যৌন হেনস্থার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ছিল। আর শিল্পার এই স্বীকারোক্তিতে জোরালো সওয়াল করেন অভিনেত্রী হিনা খান। সরাসরি শিল্পার নাম না নিলেও সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে হিনা লেখেন, ব্যক্তিগত বা আর্থিক স্বার্থে লিঙ্গ পরিচয়কে এভাবে হাতিয়ার করা একটি গুরুতর অপরাধ। এই একটি মিথ্যা অভিযোগের কারণে একজন নির্দোষ মানুষের সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যেতে পারত, এমনকী অপমানে কেউ আত্মহননের পথও বেছে নিতে পারতেন। এখানেই শেষ নয়, হিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের নোংরা রাজনীতির কারণেই কর্মক্ষেত্রে যে নারীরা সত্যিই হেনস্থার শিকার হন, সমাজ তাঁদের দিকেও সন্দেহের চোখে তাকায়। ফলে প্রকৃত ভুক্তভোগীদের লড়াইটাই দুর্বল হয়ে যায়।পাল্টা জবাবে হিনার ক্যানসার নিয়ে কটাক্ষ করেন শিল্পা! বেশ আক্রমণাত্মক ভিডিও বার্তা পোস্ট করেন ‘বিগ বস’ জয়ী টেলি অভিনেত্রী। ভিডিওতে শিল্পা অত্যন্ত তীক্ষ্ণ সুরে বলেন, অনেকে নাকি তাঁর নাম ভাঙিয়ে সস্তায় প্রচার (পাবলিসিটি) পাওয়ার চেষ্টা করছেন। এরপরই হিনার বর্তমান শারীরিক পরিস্থিতিকে ইঙ্গিত করে মন্তব্য করে বসেন তিনি। শিল্পা বলেন, “পাবলিসিটি পাওয়ার জন্য তো আপনাদের নিজেদের বড় কোনও অসুস্থতা কিংবা পরিবারের লোক মারা যাওয়ার মতো বিষয়গুলো রয়েছেই, তাহলে তার মধ্যে শিল্পা শিন্দেকে টানছেন কেন?” হিনার নাম না নিলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই যে তাঁর তিরের নিশানা কে ছিলেন!
সারোগেসির মাধ্যমে মা হলেন সম্ভাবনা শেঠ
দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পর অবশেষে মা-বাবা হলেন ভোজপুরী ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ এবং তাঁর স্বামী অবিনাশ দ্বিবেদী। সারোগেসির মাধ্যমে তাঁদের জীবনে এসেছে যমজ সন্তান- এক পুত্র এবং এক কন্যা। দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চিকিৎসাগত ও মানসিকভাবে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই তারকা দম্পতি। সম্ভাবনা নিজেই বিভিন্ন সময়ে তাঁর ভ্লগে এবং সাক্ষাৎকারে আইভিএফ পদ্ধতির ব্যর্থতা এবং বন্ধ্যাত্বের সঙ্গে তাঁর যন্ত্রণাদায়ক লড়াইয়ের কথা অকপটে ভাগ করে নিয়েছিলেন। পরপর চারবার আইভিএফ পদ্ধতি ব্যর্থ হওয়ার পর তাঁরা সারোগেসির পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং অবশেষে তাঁদের সেই দীর্ঘ প্রতীক্ষা ও প্রার্থনার অবসান ঘটল।
‘পেড্ডি’-তে নিজের চরিত্র নিয়ে ক্ষুব্ধ জাহ্নবী কাপুর
দক্ষিণী সিনেমার মেগা সুপারস্টার রাম চরণের বহু প্রতীক্ষিত ছবি 'পেড্ডি' বক্স অফিসে সাফল্য পেলেও ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ছবিতে জাহ্নবী কাপুরের অভিনীত ‘অচিয়ম্মা’ চরিত্রটি। সিনেমা হল থেকে বেরনো দর্শকদের বড় অংশের অভিযোগ, ৩৫০ কোটি বাজেটের এই প্যান-ইন্ডিয়া ছবিতে জাহ্নবী কাপুরকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর ও একজন প্রথম সারির অভিনেত্রীর পক্ষে চূড়ান্ত অসম্মানজনক। তবে সবচেয়ে বড় শোরগোল তৈরি হয়েছে যখন খোদ জাহ্নবী নিজেই এই সমালোচনার সঙ্গে একমত প্রকাশ করেছেন। ‘রিকমেন্ডেশন কমিউনিটি’ নামক একটি পেজ থেকে ‘পেড্ডি’ ছবিটির তুমুল সমালোচনা করে একটি পোস্ট করা হয়, যার শিরোনাম ছিল, "ভারতীয় সিনেমার ইতিহাসে কোনও প্রধান অভিনেত্রীকে করা সবচেয়ে দামি অসম্মান হল এই পেড্ডি ছবি।" এই পোস্টটিতে ‘লাইক’ দেন জাহ্নবী। কোনও মন্তব্য না করলেও, তাঁর এই একটি লাইক পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তিনি ছবির নির্মাতাদের ওপর কতটা অসন্তুষ্ট এবং দর্শকদের এই প্রতিবাদের সঙ্গে তিনিও একমত।















