সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'হেরা ফেরি ৩' ছবির পরিচালনা করবেন না প্রিয়দর্শন! কেন?
'হেরা ফেরি ৩' ছবি নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এল। পূর্ব ঘোষণা মতো এই জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পরিচালনা করবেন না প্রিয়দর্শন। আর এই বিষয়টা নিশ্চিত করেছেন খোদ ছবির প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। ২০০০ সালে মুক্তি পাওয়া 'হেরা ফেরি' ছবিটি তিনিই পরিচালনা করেছিলেন, এবং সেই ছবি বর্তমানে কাল্ট হয়ে উঠেছে, বক্স অফিসে বিপুল ব্যবসাও করেছিল। 'হেরা ফেরি ৩' নিয়ে দর্শকদের প্রত্যাশা পারদ তুঙ্গে। সকলে মুখিয়ে আছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি, ত্রয়ীকে একত্রে পর্দায় দেখার জন্য। তার আগে এই খবরে হতাশ দর্শকরা।
কেতন আগরওয়ালের হত্যা কাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক আরমান মালিক
কিছুদিন আগেই ফিয়ন্সে কেতন আগরওয়ালকে মহারাষ্ট্রের লোহগড় দূর্গ থেকে ধাক্কা মেরে ফেলে দেন সিয়া গোয়েল। আর গোটা ঘটনায় তাঁর সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক চেতন চৌধুরী। এই ২৫ বছর ব্যবসায়ীর হত্যা কাণ্ড গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে, এবার এই বিষয়ে মুখ খুললেন গায়ক আরমান মালিক। সমাজমাধ্যমে একটি পোস্ট করে আরমান লেখেন, 'ওকে মারার জন্য মেয়েটি যে পরিমাণ কসরত করেছে সেটা অকল্পনীয়। এত কসরতের বদলে সে যদি এটুকু বলে দিত যে, না, আমার মন অন্য কাউকে দিয়েছি। আমি অন্য কাউকে ভালবাসি। তারপর যদি ছেলেটি না বুঝত তখন পরিবারকে বলতে পারত। বিশ্বের কোনও প্রান্তে, কেউ কখনও কোনও শিক্ষিত মহিলাকে তার মর্জির বিরুদ্ধে যেতে বলতে পারে না।' তিনি এদিন আরও লেখেন, 'ভারতে পুরুষের থেকে মহিলাদের জন্য অনেক আইন আছে। কিন্তু তাই বলে কেন সিস্টেমকে ম্যানিপুলেট করবে? ভুল ভাবে ব্যবহার করবে? ওরা দুজন ভাবলই বা কী করে কারও সন্তানের প্রাণ কেড়ে নিজেরা ভাল থাকবে?'

চিকিৎসার জন্য ভারতে ফিরলেন জ্যাসমিন, এখন কেমন আছেন?
দুবাইয়ে প্রেমিক অ্যালি গোনির সঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী জ্যাসমিন ভাসিন। সেখানেই উদযাপন করেন তাঁর জন্মদিন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আর তারপরই দিলেন দুঃসংবাদ। মোটেই ভাল নেই তিনি। বেড়েছে জটিলতা। এখনও বিপদ পিছু ছাড়েনি। চিকিৎসার জন্যই মূলত তিনি দেশে ফিরে এসেছেন। আপাতত ইনজেকশনের উপর রয়েছেন। ভর্তি হয়েছেন হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।















