বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী চলচ্চিত্র জগতে দীর্ঘ ৬০ বছর পার করে ফেলেছেন। এই বিশেষ মাইলফলক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুম্বই সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয় যে, ভবিষ্যতে যদি তাঁর বায়োপিক বা জীবনীভিত্তিক কোনও ছবি তৈরি হয়, তবে কোন অভিনেত্রীকে তাঁর চরিত্রে সবচেয়ে ভাল মানাবে?
এর জবাবে বর্ষীয়ান অভিনেত্রী অকপটে দীপিকা পাড়ুকোনের নাম নিয়েছেন। অনুষ্ঠানে হেমা মালিনী বলেন, "দীপিকা খুবই সুন্দরী এবং অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেত্রী। ওর যদি ইচ্ছে থাকে, তবে ও অবশ্যই আমার চরিত্রে অভিনয় করতে পারে। আসলে যে কেউ চাইলে এই কাজটি করতে পারে।"
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে হেমা মালিনীর জীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দীপিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এছাড়া ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবিতে দীপিকার ‘শান্তিপ্রিয়া’ চরিত্রটি অনেকাটাই হেমা মালিনীর থেকে অনুপ্রাণিত ছিল। হেমা মালিনীর এই মন্তব্যের পর থেকেই সিনে জগতে গুঞ্জন শুরু হয়েছে, সত্যিই কি পর্দায় দীপিকাকে 'ড্রিম গার্ল'-এর ভূমিকায় দেখা যাবে? যদিও বিষয়টি নিয়ে দীপিকার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মধ্যে এই বিষয়টি বেশ সাড়া ফেলেছে।
এক সাক্ষাৎকারে হেমা মালিনী জানান, তাঁর কেরিয়ারে প্রায় ২০০টি ছবিতে অভিনয় করেছেন এবং সেই সময়ের পরিচালক, প্রযোজকরা তাঁকে বারবার কাস্ট করতে পছন্দ করতেন। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটা তাঁর কাছে বেশ কঠিন হয়ে পড়েছে। হেমা মালিনীর মতে, আজকের দিনে ছবি তৈরির ধরণ আগের থেকে সম্পূর্ণ আলাদা। বর্তমানের এই নতুন ধারার ছবি তৈরির প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা তাঁর জন্য সহজ নয় বলেই তিনি এখন অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, হেমা মালিনীকে শেষবার ২০২০ সালে ‘শিমলা মির্চ’ ছবিতে দেখা গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি এখন সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত।
















