গোবিন্দাকে ঘিরে সম্প্রতি গুরুতর আশঙ্কার খবর সামনে এসেছে। অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, গত কিছুদিন ধরেই একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন গোবিন্দা। এমনকি মুম্বইয়ের নিজের বাড়িতেই নাকি একবার তাঁকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল। যদিও সৌভাগ্যবশত সেই ঘটনায় অভিনেতার কোনও ক্ষতি হয়নি।
এক সাক্ষাৎকারে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা এই উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরেন। তাঁর দাবি, অভিনেতার উপস্থিত বুদ্ধি এবং সতর্কতাই বড় বিপদ এড়াতে সাহায্য করেছে। শশী সিনহার কথায়, “উনি নিয়মিত হুমকির ফোন পাচ্ছেন। যেদিন হামলার চেষ্টা হয়েছিল, সেদিন ওঁর কাছে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ছিল। উনি সেটার সাহায্যেই সবাইকে তাড়ান। না হলে কী যে হতে পারত, বলা মুশকিল। ভোর চারটে নাগাদ আমি ওঁর কাছে পৌঁছই। আমরা এফআইআরও দায়ের করেছি। সেই রাতের ঘটনার একটি ভিডিও ফুটেজও আমাদের কাছে রয়েছে।”
শশী যদিও ঘটনার নির্দিষ্ট দিন বা স্থান উল্লেখ করেননি, তবে তিনি জানিয়েছেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত ভিডিও ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজে আসতে পারে বলেও জানান তিনি।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শশী আরও একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন, যেখানে আত্মরক্ষার সময় গোবিন্দা আহত হয়েছিলেন। এই মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে ২০২৪ সালের সেই বিতর্কিত ঘটনাকে, যখন নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাবশত নিজেই গুলিবিদ্ধ হয়েছিলেন অভিনেতা। সে সময় পুলিশ জানিয়েছিল, এটি নিছকই দুর্ঘটনা, এর পিছনে কোনও অপরাধমূলক দিক নেই।
তবুও সেই ঘটনায় নানা জল্পনা ও গুজব ছড়িয়েছিল। এবার নতুন করে হুমকি ফোন এবং হামলার চেষ্টার অভিযোগ সামনে আসায় গোবিন্দর নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ বেড়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ওই ঘটনার পর গোবিন্দর রিভলভার পুলিশ বাজেয়াপ্ত করেছিল এবং মুম্বই পুলিশের একটি দল অভিনেতাকে জিজ্ঞাসাবাদও করেছিল। বর্তমানে সাম্প্রতিক অভিযোগগুলি খতিয়ে দেখছে পুলিশ।
গোবিন্দার ব্যক্তিগত জীবনও এই মুহূর্তে বেশ টালমাটাল। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে বলে জোর চর্চা চলছে। এমনকি সুনীতা প্রকাশ্যেই অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন। পারিবারিক অশান্তির এই আবহেই গোবিন্দার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা তাঁর ঘিরে থাকা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
